রাত্রি ঘন কালো ইলেক্ট্রিক তারের মোহনায় প্রসারিত গান
রাত্রি ঘন কালো মেঘ ছুঁয়ে ছল ছল নদীজলে বহমান।
রাত এলে আমি কোন দেশে যাব?
রাত এলে দূর কোনো দেশে নদী উপত্যকা পাহাড়ের সারি ফিরে পাব—
রাত এলে একদিন গভীর রাত্রির কাছে চলে যাব।
শব্দের আড়ালে শব্দ—মানুষের আড়ালে আশ্চর্য মানুষের মুখ
একসুরে কথাবার্তা, এক জীবনজিজ্ঞাসা—গভীর গোপন সুখ।
রাত্রি হাসে ঝিরি ঝিরি বৃষ্টিধ্বনি একটানা বাজে—
শহরের মানুষেরা চলে যায় নির্জন ঘুমের দেশে সকরুণ সাজে।
রাত্রি বুকে নিয়ে সন্ত্রাসীর ছবি—পুলিশ ভিখিরি ভবঘুরে পথবেশ্যা
আরও কত গভীর বিষণ্ন মায়া;
রাত্রি যাত্রাবাড়ি আড়তের সবুজ সবজি মাছ কলা পেঁয়াজ মরিচ ডাল
রাশি রাশি ক্ষুধার্তের ছায়া।
হেঁটে যায় তারা সব হাতে নিয়ে একান্ত নিজস্ব নিঃসঙ্গতা
রাজনীতি ব্যবসায়ী পুঁজিপতি লুটেরার সিন্ডিকেট
অসংখ্য প্রতারক কোম্পানির লাল লাল কথকতা।
রাত্রি এ শহরে মিরপুর পল্লবীতে অভাগার স্বপ্নময় নীড়
দিন শেষ হলে দরজার পাশে আঁধারের ভিড়।
রাত্রি আকাশ ও পৃথিবীতে কালো কালো দৈত্যের আজব নৃত্য;
রাত্রি ঈশ্বরের কালো স্বপ্ন—কালো সময়ের অনুগত ভৃত্য।
