হলিউডের অন্যতম জনপ্রিয় সিক্যুয়েল ‘আয়রন ম্যান’-এর অন্যতম কেন্দ্রীয় চরিত্র হিসেবে শুধুমাত্র হলিউডেই নয় বরং হলিউডের বাইরে বিশ্বের অন্য অনেক দেশেও আলাদা একটা কদর রয়েছে তারকা অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রের। বিশেষ করে এশিয়ার বৃহত্তম দেশ চীনে রবার্টের জনপ্রিয়তা যে কতটা তুঙ্গে তার প্রমাণ নিজের ৪৮তম জন্মদিনে খুব ভালোভাবেই টের পেয়েছেন রবার্ট। সম্প্রতি চীনের রাজধানী বেইজিং এ আয়োজিত ‘আয়রন ম্যান-থ্রি’-এর রেড কার্পেট গালা অনুষ্ঠানে রবার্ট ডাউনির ৪৮তম জন্মদিনের শুভেচ্ছা হিসেবে তার হাতে যে শুভেচ্ছা কার্ডটি তুলে দেওয়া হয় তাতে সবমিলিয়ে স্বাক্ষর করেছিলেন রবার্টের ৫,৩৩৯ জন ভক্ত। আর এরই মাধ্যমে কোনো একটি শুভেচ্ছা কার্ডে সবচেয়ে বেশি মানুষের সাক্ষর করার রেকর্ডটি গড়েন রবার্ট ডাউনির এই ভক্তরা। এর আগে গেল বছরের অক্টোবরে চার্চিল ইন্সুরেন্সের একটি কার্ডে ৪,৩৪৭ জনের সাক্ষরই ছিল এই ক্যাটাগরির সর্বশেষ রেকর্ড।
