দেশব্যাপী নানা আয়োজনে উদযাপিত হচ্ছে

প হে লা বৈ শা খ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২১:২৮
সবচেয়ে বড় উত্সবমুখর দিনটি আজ। পহেলা বৈশাখ। এই একটি দিন জাতি-ধর্ম নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষ প্রাণখোলা আনন্দ নিয়ে উত্সবে মেতে উঠে। মেলা, নাচে, গানে সারাদেশের পথে প্রান্তরে ছুঁয়ে থাকে বৈশাখী আনন্দ। যদিও এখন পহেলা বৈশাখের আনন্দের প্রতিনিধিত্ব করে রমনার বটমূল, মঙ্গল শোভাযাত্রা, ছায়ানটসহ আরও কিছু নাগরিক অনুষ্ঠান। তারপরও বলতে হয় আজও বৈশাখী আনন্দ সার্বজনীন। এ কারণেই দেখা যায় মিডিয়ার সমস্ত অঙ্গন বৈশাখ উপলক্ষে বিশেষ বিশেষ আয়োজন করে থাকে। এসব আয়োজনেরই সংক্ষিপ্ত কিছু বিবরণ দেওয়া হলো— দেশব্যাপী বর্ষবরণ প্রতি বছরের মতো এবারও বাংলালিংক বাংলা নতুন বছরের আয়োজনে সহযোগিতা করছে। এবার পহেলা বৈশাখ ১৪২০ উপলক্ষে দেশজুড়ে প্রধান শহরগুলো অর্থাত্ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বগুড়া, ময়মনসিংহ ও যশোরে বিশেষ বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে নানা ধরনের যাত্রা, পালাগান, কবিগান, জারিগান, গম্ভীরা, গাজীর গান ইত্যাদি পরিবেশন করবেন শিল্পীরা। বিভিন্ন ধরনের লোকসংগীত যেমন—বাউল, মারফতি, মুর্শিদী, ভাটিয়ালি ইত্যাদি বাংলার চিরায়ত পুতুল নাচ ও বর্ষবরণ শোভাযাত্রার পাশাপাশি পরিবেশিত হবে আজ। চট্টগ্রামে আজ বাংলা নববর্ষ বরণ আয়োজন অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ডিসি হিলে। ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদ্যাপন পরিষদ’ অনুষ্ঠানের আয়োজক। আয়োজনের মধ্যে রয়েছে বৈশাখী মেলা, দলীয় নৃত্য, দলীয় সংগীত ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পর্ব। খুলনায় নগর সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে আগামী আজ থেকে তিন দিনব্যাপী বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রুপসা ব্রিজের নিচে, লবণছড়ায়। আয়োজনের মধ্যে রয়েছে দলীয় সংগীত, দলীয় নৃত্য, নাটক, ঢুলি উপস্থাপনা, পান্তা খাওয়া পর্ব ইত্যাদি। বগুড়ায় দিনবদলের মঞ্চের আয়োজনে আজ বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আয়োজনের মধ্যে রয়েছে চিত্র প্রদর্শনী, বাউল গান, শোভাযাত্রা ইত্যাদি। সিলেটে আজ নববর্ষ বরণ আয়োজন অনুষ্ঠিত হবে শ্রুতি সিলেটের আয়োজনে। ঢোল, সাপ নৃত্য, বাউল গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। নাটক, ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য সমবায়ে এ বছর ময়মনসিংহ ক্লাবের আয়োজনে ময়মনসিংহ ক্লাবে আজ দিনব্যাপী বাংলা নববর্ষ বরণ আয়োজন অনুষ্ঠিত হবে। যশোরে চাঁদের হাটের আয়োজনে যশোর পুলিশ লাইন মাঠে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান হবে আজ। হাজারও কণ্ঠে বর্ষবরণ আজ ভোর থেকে গানে গানে নববর্ষকে বরণ করে নেবে হাজারও কণ্ঠ। এ সময় চ্যানেল আই এটি সরাসরি সম্প্রচার করবে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশের প্রথিতযশা ও খ্যাতিমান শিল্পীবৃন্দ। আজ সকাল ৯টা ৩০ মিনিটে সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগম। তিনি সংগীত পরিবেশনের পাশাপাশি ঐতিহ্যবাহী এ অনুষ্ঠান নিয়ে কথা বলবেন। ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সকাল ১০টায়।