আজ একুশে টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলা নববর্ষ উপলক্ষে একুশে টেলিভিশনে চার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। ‘পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ’ এই চ্যানেলটি প্রতিদিনের সংবাদ এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শক শ্রোতাদের দিয়েছে বস্তুনিষ্ঠ সংবাদ ও নির্মল বিনোদন। এরই ধারাবাহিকতায় এবং দর্শকদের চাহিদা বিবেচনা করে ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহর থেকে পর্দায় আসছে ব্যাপক পরিবর্তন। ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলা নববর্ষ উপলক্ষে দেশের স্বনামধন্য নির্মাতাদের নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রের পাশাপাশি একুশের নিজেস্ব প্রযোজিত অনুষ্ঠানেও রয়েছে পরিবর্তনের ছোঁয়া। চার দিনব্যাপী এই আয়োজনে একুশে টেলিভিশনে প্রচার হবে ৪টি নাটক, ৩টি টেলিফিল্ম, ১টি চলচ্চিত্র। পহেলা বৈশাখে রয়েছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। এ ছাড়া ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলা নববর্ষ আয়োজনের থাকছে একুশের ফোনো লাইভ স্টুডিও কনসার্ট। নাচ, গান, ম্যাগাজিন অনুষ্ঠান, নাটক আর সিনেমা সব কিছু নিয়ে সাজানো হয়েছে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলা নববর্ষের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। একুশে টেলিভিশন প্রযোজিত অনুষ্ঠানগুলোর মধ্যে থাকছে চার পর্বের বিশেষ ‘গানের ওপারে’। মোহসিনা রহমানের প্রযোজনায় অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করবেন ফাহমিদা নবী, আঁখি আলমগীর, ফেরদৌস আরা এবং অপু। তিন দিনের বিশেষ ফোনো লাইভ স্টুডিতে সংগীত পরিবেশন করবেন কণা, চিরকুট ব্যান্ড এবং ফরিদা পারভীন। এ ছাড়াও একুশে টেলিভিশনের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে ‘একুশের সকাল’, ‘রবি রাগ’, ‘একুশের সন্ধ্যা’, ‘ফ্যাশন অ্যান্ড টিউন’, ‘বাউলিয়ানা’, ‘বৈশাখী আহ্বান’, ‘একুশের বিনোদন’, ‘ফান ক্যারিকিচার’, ‘ব্যাঙের সর্দি’, ‘ড্যান্স মাস্তি’, ‘সং টাইম’ ইত্যাদি।
