যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্ষেপণাস্ত্র উেক্ষপণ হবে উত্তর কোরিয়ার জন্য চরম ভুল এবং যুক্তরাষ্ট্র কখনোই এই রকম বিচ্ছিন্নতাবাদী পরমাণু শক্তিধর দেশকে গ্রহণ করবে না। দক্ষিণ কোরিয়া সফরকালে তিনি আরো বলেন, পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে উত্তর কোরিয়াকে কখনোই মেনে নেয়া হবে না। যুক্তরাষ্ট্র প্রয়োজনে তার মিত্রদের জন্য প্রতিরক্ষার ব্যবস্থা করবে।
শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী পার্ক জিউন-হাই এবং অন্য নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কেরি বলেন, উত্তর কোরিয়া তাদের হুমকি অব্যাহত রেখে পরমাণু এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে গেলে যুক্তরাষ্ট্র তার মিত্রদের এবং নিজেকে তাদের হাত থেকে অবশ্যই রক্ষা করবে। কয়েক সপ্তাহ ধরে পিয়ংইয়ংয়ের অবিরাম পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে যাওয়াটা ‘কোন মাপকাঠিতেই মেনে নেয়া যায় না’ উল্লেখ করে কেরি বলেন, কোনোরকম সংঘাত শুরু হলে এর পরিণতি কি হবে তা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ভেবে দেখা দরকার। কোরিয়া উপদ্বীপে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শুক্রবার দক্ষিণ কোরিয়ার সিউলে পৌঁছান কেরি।
উত্তর কোরিয়ার খুব শিগগিরি ক্ষেপণাস্ত্র উেক্ষপণ করতে পারে—এ আশঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া ইতোমধ্যেই ক্ষেপণাস্ত্র উেক্ষপণের জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে গেছে—এমন খবরের ভিত্তিতে এ আশঙ্কা জোরালো হয়ে দেখা দিয়েছে যে, দেশটি যেকোনো সময় মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র উেক্ষপণ করতে পারে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তর কোরিয়াকে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে থেকে একমাত্র বিরত রাখতে পারে তার প্রধান মিত্র চীন। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি রোধে আবারও দেশটির সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়া সফর শেষে গতকাল শনিবার চীন গেছেন কেরি। এ সফরে উত্তর কোরিয়ার লাগাম টেনে ধরতে চীনের প্রতি আহ্বান জানাবেন তিনি। চীন সফর শেষে আজ রবিবার জাপান যাওয়ার কথা রয়েছে জন কেরির।
