সৈয়দপুরে পানির স্তর নেমে যাওয়ায় বিপাকে কৃষক

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২২:১৭
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় বিদ্যুত্ সংকট ও পানির স্তর নেমে যাওয়ার কারণে সেচ সংকটে পড়েছে কৃষক। ফলে এখানকার বোরো আবাদ এবার হুমকির মুখে পড়েছে। পানির অভাবে ধান ক্ষেত ফেটে চৌচির হয়ে যাচ্ছে। জমির ফসল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন উপজেলার কৃষকরা। সৈয়দপুরের সর্বত্র পানির স্তর প্রায় ৩/৪ ফুট নীচে নেমে গেছে। কৃষকরা মাটি গর্ত করে ৭/৮ ফুট নীচে শ্যালো মেশিন স্থাপন করেও চাহিদা মোতাবেক পানি পাচ্ছেন না। এছাড়া কৃষকরা জমিতে পানি দেয়ার জন্য শ্যালো মেশিন মালিকদের পেছনে পেছনে হন্যে হয়ে ঘুরছেন। এদিকে গ্রীষ্মের শুরুতেই গোটা নীলফামারী জুড়ে বিদ্যুত্ বিভ্রাট শুরু হয়েছে। বিদ্যুতের অভাবে সেচ যন্ত্র চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিদ্যুত্ বিভ্রাটের কারণে কৃষকরা ফসলের জমিতে পরিমিত সেচ দিতে পারছেন না। ঘন ঘন বিদ্যুতের আসা-যাওয়া ও লোডশেডিংয়ের কারণে সেচ প্রকল্প ও কল-কারখানার মোটর পুড়ে যাচ্ছে অহরহ।