মধুপুরে সাড়ে চার হাজার নলকূপ অকেজো

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২২:১৭
ভূ-গর্ভস্থ পানির স্তর অস্বাভাবিকহারে নেমে যাওয়ায় মধুপুর উপজেলায় সাড়ে চার হাজার নলকূপে পানি উঠছে না। ফলে খাবার পানির জন্য হাহাকার পড়েছে। নদী-নালা, খাল-বিল ও জলাশয় পানিশূন্য হয়ে পড়ায় অনেক স্থানে গোছল, গবাদিপশুর গা ধোয়ানো এবং প্রাত্যহিক কাজে পানি পাওয়া যাচ্ছে না। জনস্বাস্থ্য প্রকৌশল অফিস জানায়, একটানা ৫ মাস ধরে বৃষ্টি না হওয়ায় খরাবস্থা বিরাজ করছে। তদুপরি বোরো সেচের জন্য গভীর নলকূপের মাধ্যমে অস্বাভাবিকহারে ভূ-গর্ভস্থ পানি উত্তোলন করায় পানির স্তর নীচে নেমে গেছে । এজন্য হস্তচালিত অগভীর নলকূপে পানি উঠছে না। মধুপুর পৌরশহরের অবস্থা আরো খারাপ। সেখানে মাষ্টার পাড়া, বোয়ালী, চাড়ালজানি, টেকিপাড়া, উত্তরা আবাসিক এলাকা, সান্দারপাড়া, গোপাল আঙ্গিনা, টুইনাবাড়ি, নয়াপাড়া, ঘোষপল্লী ও চৌধুরি পাড়ায় দেড় মাস ধরে পানি সংকট চলছে। মোটরচালিত গভীর নলকূপ চলে এমন সব বাসায় পাড়াপড়শিরা পানির জন্য ভিড় করছে। খোদ পৌরশহরে পানির জন্য এমন হাহাকার আগে কখনো কেউ দেখেনি। প্রায় ৬ বছর আগে মধুপুর পৌরসভাকে দ্বিতীয় শ্রেণিতে রুপান্তরিত করা হলেও পানি সরবরাহের ব্যবস্থা চালু করা হয়নি।