চট্টগ্রামের চন্দনাইশ থেকে অপহ্নত এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের ৬ দিন পর চট্টগ্রামের কালুরঘাট থেকে উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। এ ব্যাপারে জড়িত থাকার অভিযোগে ১ জনকে আটক করা হয়েছে। জানা যায় চন্দনাইশ উপজেলার হারালা গ্রামের এইচএসসি পরীক্ষার্থী গত ৬ এপ্রিল তার মাকে বান্ধবীর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়ে ওইদিন আর বাড়িতে ফিরে আসেনি। পরে তার মোবাইল ফোনে যোগাযোগ ও আত্মীয়-স্বজনের কাছে খোঁজ নেয়ার পরও তাকে না পাওয়ায় তার ভাই বাদী হয়ে স্থানীয় ফাতেমা জিন্নাহ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কুন্তুল বড়ুয়াসহ অজ্ঞাত আরো ৩ জনকে আসামী করে চন্দনাইশ থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা খায়ের আহামদ মোবাইলের কললিস্ট ধরে গত বুধবার সাতকানিয়া উপজেলার খাগরিয়া গ্রামের সুজা মিয়ার পুত্র ইকবাল হোসেনকে আটক করে এবং গত ১১ এপ্রিল বৃহস্পতিবার সকালে তার স্বীকারোক্তি মতে চট্টগ্রামের কালুরঘাট কামালবাজার একটি ভাড়াটিয়া বাসা থেকে অপহূতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
