সাংবাদিক নির্যাতক হাইওয়ে পুলিশের এসআই হুমায়ুনের শাস্তির দাবিতে নড়াইলের সাংবাদিক সমাজ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। নড়াইল জেলা সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে শনিবার নড়াইল প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে নড়াইল প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবীর টুকু, সাইফুল ইসলাম তুহিন প্রমুখ। আগামী ১৫ এপ্রিলের মধ্যে দোষী হাইওয়ে পুলিশের এসআই হুমায়ুনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, ৯ এপ্রিল সন্ধ্যায় নড়াইল-যশোর সড়কের তুলারামপুর নামক স্থানে হাইওয়ে পুলিশের এসআই হুমায়ুনসহ কয়েকজন কনস্টেবলের অবৈধযান নসিমনের চালকের কাছ থেকে ঘুষ গ্রহণের দৃশ্য ক্যামেরাবন্দি করলে এসএ টেলিভিশনের নড়াইল প্রতিনিধি সাজ্জাদ হোসেন টিপুকে লাঞ্ছিত করে ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলা হয়। এদিকে সাংবাদিক নির্যাতনের বিষয়ে ১৩ এপ্রিল নড়াইলে তদন্তে আসেন হাইওয়ে পুলিশের (পশ্চিমাঞ্চল) এএসপি মোঃ আনোয়ার হোসেন।
