সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২২:২২
জগন্নাথপুরে স্টুডেন্টস ওয়েল ফেয়ারের পুরস্কার বিতরণ জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের খাগাউড়া স্টুডেন্টস ওয়েল ফেয়ার সোসাইটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে খাগাউড়া সরকারি বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন। সোসাইটির সভাপতি শাহিন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা। বাজিতপুর রাজ্জাকুন্নেছা বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ বাজিতপুর রাজ্জাকুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি হাজী মিজবাহউদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান এড. নূরনবী বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম জাহাঙ্গীর হোসেন, স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ খাইরুল হাসান কাউছার প্রমুখ। সাগরে জেলে হত্যার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন কক্সবাজার প্রতিনিধি \ বঙ্গোপসাগরে সম্প্রতি ৩২ জন জেলে হত্যার প্রতিবাদে এবং জলদস্যুতা বন্ধের দাবিতে গতকাল শনিবার সকালে “বঙ্গোপসাগরে জলদস্যু ঠেকাও, জেলেদের জীবন বাঁচাও” শ্লোগানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের উদ্যোগে আয়োজিত উক্ত মানববন্ধনে বক্তৃতা করেন গ্রীণ কক্সবাজারের পরিচালক ফজলুল কাদের চৌধুরী ও কোস্ট ট্রাস্টের টিম লিডার অধ্যক্ষ মকবুল আহমদ প্রমুখ। হালুয়াঘাটে রিভলবারসহ একজন গ্রেফতার ফুলপুর(ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলা শহরের উত্তর বাজার টানা ব্রীজ এলাকা থেকে শুক্রবার রাতে ময়মনসিংহ র্যাব-৯ অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি রিভলবারসহ মামুন(৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পরে র্যাব মামুনকে থানা পুলিশে স্থানান্তর করে। মামুন নেত্রকোনার দুর্গাপুর মধ্যবাজারের আলমাছ শেখের পুত্র। কটিয়াদীতে পূজা উদযাপন পরিষদের সম্মেলন কটিয়াদী সংবাদদাতা \ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার সন্ধ্যায় পৌরসদরের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। উপজেলা শাখার আহ্বায়ক শীতল কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন এডভোকেট পরিতোষ কুমার চক্রবর্তী, পিযুষ কুমার চক্রবর্তী, প্রদীপ কুমার দত্ত, বেনী মাধব ঘোষ প্রমুখ। সম্মেলন শেষে শীতল কুমার সাহাকে সভাপতি ও দিলীপ কুমার সাহাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট উপজেলা পূজা উদযাপন পরিষদ গঠন করা হয়। কিশোরগঞ্জে কম্পিউটার মেলার উদ্বোধন কিশোরগঞ্জ প্রতিনিধি \ পলাশ কম্পিউটার্সের উদ্যোগে তিনদিনব্যাপী বৈশাখী কম্পিউটার্স মেলা গতকাল শনিবার শহরের স্টেশন রোডে শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাছিম খান। উদ্বোধনের সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়ার সাংবাদিক ছাড়াও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোপালপুরে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গোপালপুর পৌরশহরে নজীরবিহীন বিদ্যুত্ বিভ্রাটের প্রতিবাদে আজ শনিবার সহস্রাধিক বিদ্যুত্ গ্রাহক ডুবাইল বাজার নামক স্থানে গোপালপুর-ঢাকা ভায়া টাঙ্গাইল সড়ক অবরোধ করে। ফলে একটানা সাড়ে তিনঘন্টা যান চলাচল বন্ধ থাকে। বিদ্যুত্ গ্রাহকরা অভিযোগ করেন, দেড়মাস ধরে পৌরবাসীরা ভয়াবহ বিদ্যুত্ বিপর্যয় মোকাবেলা করছেন। দিনরাত মিলিয়ে ৩/৪ ঘন্টার বেশি বিদ্যুত্ থাকে না। বিদ্যুতের অভাবে সেচ সংকটের দরুন বোরো ফসল পুড়ে বিনষ্ট হচ্ছে। ব্যবসা-বাণিজ্য ও কল-কারখানায় উত্পাদন বন্ধ রয়েছে। পরে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড়াইগ্রামে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রামের মশিন্দা এলাকা থেকে শুক্রবার রাতে একটি আমেরিকার তৈরি পিস্তল, ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ হাসিনুর (৩৪) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটককৃত হাসিনুর বড়াইগ্রামের পাঁচবাড়িয়া গ্রামের মোন্তাজ মোল্লার ছেলে। রাজশাহী র্যাব-৫ এর বাগমারা ক্যাম্পের ইনচার্জ এএসপি জাহিদ জানান, নাটোরের বড়াইগ্রামের মশিন্দা এলাকায় অস্ত্র বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র বিক্রিকালে হাসিনুর নামের এক অস্ত্র ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। দিনাজপুরে মহারাজা গিরিজানাথ স্কুলের শতবর্ষ পূর্তি স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গতকাল শনিবার গৌরবের ১’শ বছর (১৯১৩-২০১২) মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উত্সব উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী। র্যালিতে অংশ নেন স্কুলের ছাত্র, শিক্ষক ও প্রাক্তন ছাত্ররা। ২ দিনব্যাপী শতবর্ষ পূর্তি উত্সবের উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার। উদযাপন কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সাইফুল আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরী, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সফিকুল ইসলাম। মোরেলগঞ্জে ওয়াকার্স পার্টির কমিটি গঠন মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা\ বাংলাদেশ ওয়াকার্স পার্টি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে শুক্রবার বিকেলে স্থানীয় টাউন মাধ্যামিক বিদ্যালয় আঃ হামিদ খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক তুষার কান্তি দাস। সভা শেষে সর্বসম্মতিক্রমে আবুল কালাম খানকে আহ্বায়ক ও অধ্যাপক গাউসুর হক, আফসার শেখ, দেলোয়ার হোসেন, আঃ হামিদ খানকে যুগ্ম-আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমটি গঠন করার হয়। চাটখিলে ল্যাপটপ ও কম্পিউটার বিতরণ চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা\ নোয়াখালী জেলার চাটখিলে গতকাল শনিবার সকালে উপজেলার পূর্বামঞ্চে স্বাধীনতা ও বঙ্গবন্ধু শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ কম্পিউটারসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করেছে একটিভ ফাউন্ডেশন। ছাত্রলীগ নেতা সালাউদ্দিন সুমনের সভাপতিত্ব অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির। এতে বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা এসএম বাকি বিল্লা প্রমুখ। সমাজ সেবায় এ্যাওয়ার্ড পেলেন রহনপুরের মেয়র গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর মেয়র গোলাম মোস্তফা বিশ্বাসকে সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য স্বাধীন বাংলা সংসদ (স্বাবাস) কর্তৃক জেনারেল ওসমানী এ্যাওয়ার্ড-১৩ প্রদান করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমির স্কাইমুন রেস্টুরেন্টে মাদক এবং ভেজাল বিরোধী জনসচেতনতায় জনপ্রতিনিধি শীর্ষক আয়োজিত আলোচনা সভা ও মাদকবিরোধী টেলিফিল্ম কুয়াশার সকাল প্রদর্শনীর পর তাকে জুরি বোর্ডের মাধ্যমে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। স্বাধীন বাংলা সংসদ-এর সভাপতি শাহ আলম চুনু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জল ইসলাম। আত্রাইয়ে শিব মন্দিরে তালা আত্রাই (নওগাঁ) সংবাদদাতা \ আত্রাই উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের শিব মন্দিরের দেবোত্তর সম্পত্তি নিয়ে ঋষি সম্প্রদায়ের মধ্যে দলাদলির এক পর্যায়ে একপক্ষ শিব মন্দিরে তালা লাগিয়ে দিয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত ১ এপ্রিল অভিযোগটি দায়ের করেন শিব মন্দিরের সেবায়েত শ্রী হরিপদ প্রাং। অভিযোগে জানা যায়, মন্দিরের সম্পত্তি আত্মসাত্ করার উদ্দেশ্যে ডাঙ্গাপাড়া গ্রামের শ্রী কৃষ্ণ, শ্রী দেবেন, শ্রী সুচন্দ , শ্রী রমণী কান্ত ও শ্রী গুপি শ্রী হরিপদের সেবায়েত বাতিলের জন্য আদালতে মামলা দায়ের করে। মামলার রায় শ্রী হরিপদের পক্ষে যাওয়ায় প্রতিপক্ষরা গত বছরের ১ অক্টোবর শিব মন্দিরে তালা লাগিয়ে পূজা বন্ধ করে দিয়েছে। মেহেরপুরে বিদ্যুতের লোডশেডিং অতিমাত্রায় মেহেরপুর প্রতিনিধি\ গরম পড়ার সাথে সাথে মেহেরপুরে বিদ্যুতের লোডশেডিং অতিমাত্রায় বেড়ে গেছে। প্রতিদিন গড়ে মেহেরপুরে ৮-১০ ঘন্টা করে বিদ্যুতের লোডশেডিং শুরু হয়েছে। সকাল থেকে শুরু করে বিদ্যুতের ভেলকিবাজিতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। জানা গেছে, মেহেরপুরে বর্তমানে প্রায় ৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বিদ্যুত্ সরবরাহ করা হচ্ছে এক থেকে দেড় মেগাওয়াট। যে কারণে বিদ্যুতের লোডশেডিং বেড়েই চলেছে। এদিকে চলমান এইচএসসি পরীক্ষার্থীরাও বিদ্যুতের লোডশেডিং-এর কবলে পড়ার ফলে তাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। নলছিটিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা\ নলছিটিতে রুমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ গত শুক্রবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী আল-আমিন তাদের জানান, একটি নতুন খাট কেনাকে কেন্দ করে ওই দিন গভীর রাতে স্ত্রী রুমার সঙ্গে তার কথার কাটাকাটি হয়। এক পর্যায় সে তার স্ত্রীকে চর-থাপ্পর মারে। এতে ক্ষুব্ধ হয়ে সে ঘরের পার্শ্ববর্তী একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মংলায় সরকারি চাল পাচারকালে ট্রাক আটক মংলা সংবাদদাতা\ সরকারি চাল পাচারকালে ১টি মিনি ট্রাক আটক করেছে কোস্টগার্ড। আটককৃত মালামাল পুলিশে সোপর্দ করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার শরিফুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মংলা-খুলনা মহাসড়কের বাবুর বাড়ি এলাকা থেকে শুক্রবার ভোরে ১টি মিনি ট্রাক আটক করে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। এ সময় ওই ট্রাকের মধ্য থেকে ১২৫ বস্তা (১ টন) চাল উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানায়, আটককৃত সরকারি এ চাল পাচারের উদ্দেশ্যে খুলনাতে নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃত চাল ও ট্রাক রামপাল থানায় সোপর্দ করা হয়েছে। ঠাকুরগাঁও হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও প্রতিনিধি\ শুক্রবার জুম্মার নামাজের পর ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁও হেফাজতে ইসলাম বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি শহরের শাহী জামে মসজিদ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমবায় মার্কেট চত্বরে এসে শেষ হয়। এ সময় জেলা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মাগুরায় গণিতের সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন মাগুরা প্রতিনিধি \ গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে গতকাল শনিবার দুপুরে মাগুরার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়, দুধমল্লিক বালিকা বিদ্যালয় ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা সৃজনশীল পদ্ধতিতে গণিত পরীক্ষা বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে। কয়েক শত ছাত্র-ছাত্রী এ মানববন্ধন ও মিছিলে অংশ নেয়। চৌরঙ্গী মোড়ে মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিল না করা হলে তারা আগামীতে পরীক্ষায় অংশগ্রহণ করবে না।