খুলনায় গণজাগরণ মঞ্চ হেফাজতে ইসলাম মুখোমুখি

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২২:৪৪
আগামী ২০ এপ্রিল মহাসমাবেশকে সামনে রেখে খুলনার গণজাগরণ মঞ্চ ও হেফাজতে ইসলাম মুখোমুখি অবস্থানে রয়েছে। গণজাগরণ মঞ্চ ওইদিন কোনভাবেই নগরীর শিববাড়ী মোড়ে হেফাজতে ইসলামকে সমাবেশ করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে। এজন্য তারা মুক্তিযুদ্ধের সকল শ্রেণি-পেশার মানুষদের নিয়ে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। গতকাল শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণজাগরণ মঞ্চ এ ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণজাগরণ মঞ্চের ফজলে রাব্বী। এদিকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের পূর্বঘোষিত কর্মসূচি যেকোন মূল্যে পালনসহ মহাসমাবেশে লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষের সমাবেশ ঘটানো হবে। গণজাগরণ মঞ্চের সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১০ এপ্রিল হেফাজতে ইসলাম নামক একটি সংগঠন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ২০ এপ্রিল নগরীর শিববাড়ী মোড়ে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। হেফাজতে ইসলামের দৃষ্টি এখন শিববাড়ী মোড়ের গণজাগরণ মঞ্চের দিকে পড়েছে। তা না হলে এত স্থান থাকতে কেন তারা গণজাগরণ মঞ্চকে বেছে নেবে। এটি দুরভিসন্ধিমূলক জঙ্গিবাদের বহিঃপ্রকাশ। তারা কখনোই পরমতসহিষ্ণু এবং গণতান্ত্রিক শিষ্টাচারে অভ্যস্ত নয়। সরকার ও প্রশাসনের কাছে শিববাড়ী মোড়ে হেফাজতে ইসলামের কোন সমাবেশ করার অনুমতি না দেয়ার জন্য অনুরোধ জানানো হয়। এর কোন ব্যত্যয় হলে সংঘর্ষ অনিবার্য। সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চ খুলনার আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে এই অপশক্তির মোকাবিলা করবে বলে ঘোষণা দেয়া হয়। এদিকে শিববাড়ী মোড়ে সমাবেশ করতে না দেয়া প্রসঙ্গে হেফাজতে ইসলামের খুলনা জেলা শাখার সভাপতি মাওলানা গোলাম মোস্তফা জানান, ঢাকার শাপলা চত্বর থেকে ঘোষিত মহাসমাবেশ যেকোন মূল্যে সফল করা হবে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে নগরীর শিববাড়ী মোড় ও রয়্যাল চত্বরে সমাবেশ করার জন্য পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। সমাবেশে লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষের সমাবেশ ঘটানো হবে।