উপজেলার চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন জামায়াতের আমির ও রুকন রেজাউল করিমকে গ্রেফতার করতে গিয়ে জামায়াত শিবিরের হামলায় শিকার হয়েছেন সাতকানিয়া থানা পুলিশ। আহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৬ জন। আহতরা হলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল, সহকারী উপ-পরিদর্শক আনসারুল হক, মো. আলম, কনস্টেবল মো. জুনাইদ, আলী হোসেন ও মাইক্রোবাসের ড্রাইভার হাবিবুল করিম হাবিব। হামলাকারীরা এ সময় পুলিশকে বহনকারী ২টি পিকআপ ও ১টি মাইক্রোবাস ভাংচুর করে। পুলিশ শট গান থেকে ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। আহতদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ৬ টার দিকে উপজেলার চরতি ইউনিয়নের তালগাঁও নামক স্থানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ৬টায় দিকে চরতি ইউপি চেয়ারম্যান রেজাউল করিমকে গ্রেফতার করতে তার বাড়ি তালগাঁও এলাকায় অভিযান চালায় সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ। এ সময় চেয়ারম্যানকে না পেয়ে হাবিবুর রহমান ও নুরুল ইসলাম নামে দুই জামায়াত কর্মীকে আটক করে পিকআপে তুলে নেয়। এ সময় কয়েকটি মসজিদের মাইকে পুলিশের পোশাক পরে এলাকায় ডাকাত নেমেছে বলে প্রচার করা হতে থাকে। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় জামায়াত-শিবির কর্মীসহ নারী-পুরুষ দা, কিরিচ, লাঠি, রড ও ইট-পাটকেল নিয়ে পুলিশকে চারদিক দিয়ে আক্রমণ করে আটককৃত দুইজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে বাঁশখালীর পুকুরিয়া-চাঁনপুর হয়ে সাতকানিয়া থানায় চলে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চরতিতে জামায়াত শিবিরের দেয়া ব্যারিকেডগুলো তুলতে পারেনি পুলিশ। যার ফলে চরতি ইউনিয়নের সাথে উপজেলা সদর ও অন্যান্য ইউনিয়নের যোগাযোগ বিছিন্ন রয়েছে। এলাকার পরিস্থিতি থমথমে।
এ ব্যাপারে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও চরতি ইউনিয়নের বাসিন্দা নূরুল মোস্তফা চৌধুরী জানান, সকাল ১০টার দিকে চরতি ইউনিয়ন যুবলীগ নেতা আবু ইউছুপ বাবুর বাড়িতে জামায়াত শিবির কর্মীরা হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে।
এ ব্যাপারে সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভুঁইয়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনার সত্যতা স্বীকার করলেও আটকের বিষয়টি এড়িয়ে যান। তিনি এ ঘটনায় এক বা একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
কেঁওচিয়া ইউনিয়ন জামায়াত আমির গ্রেফতার
দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার দিন থেকে ৫ মার্চ পর্যন্ত ৬দিন সাতকানিয়ার কেরানীহাটসহ উপজেলার বিভিন্ন এলাকায় জামায়াত শিবিরের কর্মীদের ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত কয়েকটি মামলার আসামি উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের আমির জাকির হোসেনকে গতকাল সকালে সাতকানিয়া থানার পুলিশ গ্রেফতার করে।
