শুক্রবার রাতে খুলনায় চেম্বার ভবনে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার সময় অদূরে তিনটি হাতবোমা নিক্ষেপের ঘটনার তদন্ত চলছে। ভারত সরকার এই তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছে বলে শনিবার জানিয়েছে।
গতকাল নয়াদিল্লীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বাংলাদেশ সরকার এই ঘটনার তদন্ত করছে। ঢাকার ভারতীয় হাইকমিশন বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আদৌ হাইকমিশনারকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছিল কী-না এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাবে না।
মুখপাত্র আরো জানান, খুলনায় হাইকমিশনার যখন বৈঠক করছিলেন তখন তার গাড়ি থেকে ২০ মিটার দূরে বোমা বিস্ফোরিত হয়। এতে গাড়িরও কোন ক্ষতি হয়নি, হাইকমিশনের কেউ আহত হয়নি। গাড়িটি স্থানীয়ভাবে ভাড়া করা হয়। বোমা বিস্ফোরণের ঘটনার পর হাইকমিশনার খুলনা ও যশোরে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দেন। হাইকমিশনারসহ সব কর্মকর্তাকে সব ধরনের নিরাপত্তা দেয়া হচ্ছে। তাই আমাদের উদ্বিগ হওয়ার কোন কারণ নেই বলে মুখপাত্র আশ্বস্ত করেন।
খুলনা অফিস জানায়, শুক্রবার রাতে নগরীর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনের সামনে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের গাড়ির অদূরে ৩টি হাতবোমা বিস্ফোরণের ঘটনায় গতকাল শনিবার খুলনা সদর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।
এছাড়া যশোর অফিস জানায়, যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দ দাতব্য চিকিত্সালয় উদ্বোধন করেছেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। শনিবার সংক্ষিপ্ত সফরে এসে তিনি এ দাতব্য চিকিত্সালয় উদ্বোধন করেন।
