শিক্ষার্থীদের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পড়ালেখার বিকল্প নেই

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ১৯:০১
ডাঃ তিলক চন্দ্র নাথ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম এ পদক প্রাপ্ত শিক্ষার্থী প্রতিযোগিতার যুগে শিক্ষার্থীদের টিকে থাকতে হলে পড়ালেখার বিকল্প নেই। যুগের সাথে তাল মিলিয়ে পড়া-লেখাতেও এসেছে নতুনত্ব, এসেছে প্রযুক্তিগত শিক্ষা পদ্ধতি। আর এই প্রযুক্তিগত শিক্ষার হাত ধরেই আজ আমার এ সাফল্য। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাঠ চুকিয়ে প্রযুক্তিগত উচ্চশিক্ষার লক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদে পা রাখি ২০০৩-০৪ সেশনে। লক্ষ্য একটাই বাংলাদেশের প্রাণিসম্পদ উন্নয়নে নিজেকে নিয়োজিত করব। প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিব আধুনিক প্রযুক্তির ব্যবহার। এরই ধারাবাহিকতায় পাঁচটি লেভেল অতিক্রম করি । সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমিই প্রথম এ পদক প্রাপ্ত । আমার এ প্রাপ্তির জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক মহোদয়ের কাছে চির কৃতজ্ঞ। তবে এ প্রাপ্তিই আমার শেষ নয়। আমি মনে করি আমার দায়িত্ব আরো অনেক বেড়ে গেছে। আজ যে সম্মান প্রাপ্ত হয়েছি তার প্রতিফলন যদি কর্মজীবনে ঘটাতে পারি তবেই আমি সার্থক। আমার ভবিষ্যত্ ইচ্ছা, একজন শিক্ষক হয়ে প্রযুক্তিগত শিক্ষার প্রসার ঘটিয়ে দেশকে সমৃদ্ধ করব। যার সুফল ভোগ করবে দেশের প্রান্তিক জনগণ। আজ যে সম্মান স্পর্শ করেছি তার পিছনে রয়েছে আমার ক্লাস নির্ভরতা ও কঠোর অধ্যবসায়। বেশির ভাগ সময় চেষ্টা করেছি প্রতিদিনের পাঠ্য কার্যক্রম প্রতিদিনই শেষ করতে। শিক্ষার্থীরা যদি শিক্ষকদের দিক নির্দেশনায় পথ চলে ও নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশ গ্রহণ করে তবে তারা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের জন্য বারবার এ ধরনের সম্মান বয়ে আনতে পারবে। সাফল্য ও সম্ভাবনার পথেই যাত্রা হোক সকল শিক্ষার্থীর পথ।