গত মাস দুয়েক ধরেই বিজরী ও ইন্তেখাব দিনারের প্রেম ও বিয়ের কথা শোনা যাচ্ছি। দীর্ঘদিন ধরেই প্রেমের খবরটিও বাতাসে বেশ জোরেশোরেই ছড়াচ্ছিল। গত মাসের শেষ সপ্তাহে এসে দিনারের সঙ্গে প্রেমের বিষয়টা অনেকটাই স্বীকার করেন বিজরী বরকতউল্লাহ। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় নওশীন-হিল্লোল, রিয়া, আনিসুর রহমান মিলনের পর এবারে দ্বিতীয় বিয়ের কাতারে নাম লিখিয়েছেন বিজরী বরকতউল্লাহ। গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন ধানমন্ডিস্থ একটি রেস্টুরেন্টে বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মিডিয়ারও তেমন কাউকে জানাননি বিজরী-দিনার দম্পতি। একেবারে ঘরোয়া পরিবেশে গুটি ক’জন আত্মীয়-স্বজনের উপস্থিতিতে নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিয়ে শেষে দিনার তার নববধূ বিজরী বরকতউল্লাহকে নিয়ে তার উত্তরাস্থ বাসায় উঠেছেন। আগামী ১৯ এপ্রিল শুক্রবার তাদের বৌ-ভাত সম্পন্ন হবে। ২১ এপ্রিল থেকে আবারও দিনার তার নাটকের কাজে ব্যস্ত হবেন। জানা যায়, বিজরী বরকতউল্লাহ তার ১৩ বছর বয়সী মেয়ে উর্বানার সম্মতি নিয়েই দিনারের সঙ্গে বিয়ে করেন। উল্লেখ্য, বিজরী এর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন সংগীতশিল্পী শওকত আলী ইমনকে। কয়েক বছর আগে বিজরী ও ইমনের বিবাহ বিচ্ছেদ হয়।
