প্রখ্যাত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী টেইলর সুইফট এবার অভিনয় করতে চান। সংগীতে নিজের স্বপ্ন অনেক আগেই পূরণ হয়েছে, এবার অভিনয়ের পালা। এক সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছেন টেইলর সুইফট। তিনি আরও জানান, খুব ছোটাবেলা থেকেই স্বপ্ন দেখতেন অভিনয়ের। বলা যায় যখন তার নয় বছর বয়স, ঠিক তখন থেকেই। কিন্তু অভিনয়ে তেমন ভালো সুযোগ করতে না পারায় আর গানে সফলতা পাওয়ায় স্বপ্নের সেই কাজটি এখনও করা হয়ে উঠেনি। তবে এখন অভিনয়ের একেবারে উপযুক্ত সময়। হলিউডের একটি অংশ হতে চান তিনি। নিজের ‘রেড’ অ্যালবামটি প্রকাশের পর অ্যালবামসংক্রান্ত স্টেজ শোগুলো শেষ করে এখন খানিকটা বিশ্রাম করছেন তিনি। তবে এই বিশ্রাম খুব বেশি দিনের নয়। একাধিক পরিচালকের সঙ্গে কথা বলেছেন টেইলর সুইফট। খুব শীঘ্রই অভিনয়টা শুরু করে দিবেন তিনি। আরও জানা যায়, অস্কার জয়ী চলচ্চিত্র ‘লা মিজারেবল’-এ টেইলর সুইফট অভিনয়ের প্রস্তাব দেন। পরিচালকও রাজি হন, কিন্তু অভিনয়ের পারদর্শিতার কাছে হেরে গিয়ে ছবিটিতে অভিনয় করা হলো না তার। তবে এবার আর কোনো ব্যর্থতা নয়, একটি ব্লকবাস্টার ছবিতে অভিনয় করবেন তিনি।
