হাজারও কণ্ঠে বাংলা নববর্ষকে বরণ করে নিল কোটি বাঙালি। দ্বিতীয়বারের মতো যার আয়োজন করেছে চ্যানেল আই ও সুরের ধারা। বর্ষবরণ অনুষ্ঠানে ভোর থেকে সব বয়সী হাজার হাজার মানুষ ভিড় করতে থাকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। প্রচণ্ড রোদ উপেক্ষা করে বেলা বাড়ার সাথে সাথে অনুষ্ঠানস্থলে ভিড় আরও বাড়তে থাকে। এবারের বর্ষবরণ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী ফিরোজা বেগমের সরাসরি গান উপভোগ। মধ্যাহ্ন পর্যন্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ফরিদা পারভীন, সৈয়দ আব্দুল হাদী, রফিকুল আলম, আবিদা সুলতানা, চন্দনা মজুমদার, কুমার বিশ্বজিত্ এবং আইয়ূব বাচ্চু। বর্ষবরণ অনুষ্ঠান পরিচালনা করেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু। চন্দনা মজুমদারের গান শেষে অনুষ্ঠানের সমাপ্তি টানেন অনুষ্ঠানের উপস্থাপক ফারজানা ব্রাউনিয়া, অপু মাহফুজ ও মৌসুমী বড়ুয়া।
