ভারতের সুপ্রিম কোর্ট সঞ্জয় দত্তকে ৫ বছরের জেল ঘোষণা করার পর থেকেই সঞ্জয়ের অনেক বন্ধু ও স্বজনরা তাকে সান্ত্বনা দিচ্ছেন। পাশে দাঁড়িয়েছেন সঞ্জয়ের। তার সাজা যেন কম করা যায় সেই উদ্দেশ্যে অনেকে সরকার বরাবর সুপারিশও করেছেন। আর এত বড় ঘটনার মধ্যে সঞ্জয়ের আরেক ঘনিষ্ঠ বন্ধু শাহরুখের দেখা নেই বলে অনেকেই অবাক হয়েছিলেন। সঞ্জয়ের এই দুরবস্থায় তার পাশে শাহরুখকে দেখা যাচ্ছে না, এমন গুঞ্জনও উঠছিল বলিউডে। হঠাত্ করেই সকল গুঞ্জনকে উড়িয়ে দিয়ে গত ১১ এপ্রিল বৃহস্পতিবার রাত প্রায় ১টার দিকে সঞ্জয়ের বাড়িতে উপস্থিত হন শাহরুখ খান। সঞ্জয় ও তার পরিবারের সঙ্গে শাহরুখ খান কয়েক ঘণ্টা কাটান এবং নৈশভোজের কাজটাও সেখানে শেষ করেন। এতে সঞ্জয়ও অনেক খুশি হয়েছেন। এই সাক্ষাতের পরই জানা যায়, শাহরুখকে কেন সঞ্জয়ের পাশে এর আগে দেখা যায়নি। শাহরুখ তার নতুন চলচ্চিত্র ‘চেন্নাই এক্সপ্রেস’-এর শুটিং ও কলকাতা নাইট রাইডার্সের আইপিএল নিয়ে অধিক ব্যস্ত থাকায় সঞ্জয়ের সঙ্গে দেখা করতে পারেননি। তবে মোবাইলে ঠিকই তারা দুজন আলাপ করেছেন। উল্লেখ্য, শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ আসছে রোজার ঈদে মুক্তি পাবে বলে জানিয়েছে। ঈদে মুক্তি দেওয়ার উদ্দেশ্যেই সব কাজ গুছিয়ে আনা হচ্ছে।
