স্বর্ণের দাম ভরিতে ১২’শ টাকা কমেছে

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ১৯:৫৩
আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। গতকাল দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ দফায় প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) গড়ে এক হাজার ২শ টাকা কমানো হয়েছে। গতকাল সোমবার থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। জানা গেছে, আন্তর্জাতিক বাজারে অব্যাহত মূল্য পতনের কারণে তার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হচ্ছে। তারই অংশ হিসেবে গত শনিবার দাম কমায় বাজুস। এতে দেখা যায় ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে এক হাজার ২২৪ টাকা। ভরিতে ৫৬ হাজার ১৬২ টাকা থেকে কমিয়ে ৫৪ হাজার ৯৩৭ টাকা করা হয়েছে। ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে আগের মূল্য ৫৩ হাজার ৬৫৪ টাকা থেকে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে করা হয়েছে ৫২ হাজার ৪৮৮ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণে ভরিপ্রতি ৯৯৩ টাকা কমিয়ে ৪৬ হাজার ১৪ টাকার পরিবর্তে ৪৫ হাজার ২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। অর্থাত্ ভরিপ্রতি ৩৩ হাজার ৪৭৫ টাকার বদলে ৩২ হাজার ৩০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রূপার দাম এক হাজার ৪শ টাকা থেকে কমিয়ে এক হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ গত মাসের ১৫ তারিখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল। সে সময়ও আগের মূল্যের চেয়ে দাম কমেছিল। বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ইত্তেফাককে বলেন, আন্তর্জাতিক বাজার পর্যালোচনা করে দেশের বাজারে মূল্য নির্ধারিত হয়। আন্তর্জাতিক বাজারে গত কয়েকমাসে দাম কমায় দেশের বাজারেও দাম কমানো হয়েছে।