মুসলিম সংখ্যাগরিষ্ঠ উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট ডি-৮ এর সদস্য দেশগুলোর মধ্যে বর্তমানে আন্তঃবাণিজ্যের পরিমাণ ১শ‘ ৫০ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৮ সালের মধ্যে এর পরিমাণ বৃদ্ধি করে ৩শ‘ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হবে। এ লক্ষ্যে সদস্য দেশগুলোর মধ্যে ইতোমধ্যে শুল্ক সম্পর্কিত প্রশাসনিক সাহায্য, ভিসা প্রদান প্রক্রিয়া সহজীকরণ ও বিমান সেবার ক্ষেত্রে সহায়তা বিষয়ক চুক্তি সম্পাদিত হয়েছে।
বাংলাদেশ সফররত উন্নয়নশীল-৮ (ডি-৮) এর মহাসচিব ড. সাইয়েদ আলী মোহাম্মদ মৌসাভি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সাথে বৈঠককালে একথা বলেন। গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফরহাদ উদ্দিনসহ শিল্প ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডি-৮ সচিবালয়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
