ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে প্রয়াত নেতা হুগো শ্যাভেজের উত্তরসূরী ও দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সামান্য ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। সোমবার দেশটির নির্বাচন কমিশন এ ফলাফল প্রকাশ করে। এতে মাদুরো ৫০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী হেনরি ক্যাপ্রিলেসকে পরাজিত করেন। ক্যাপ্রিলেস ৪৯ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছেন।
রবিবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। মাদুরো ক্ষমতাসীন দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর বিরোধী প্রার্থী ক্যাপ্রিলেস লড়েছেন জাস্টিস ফার্স্ট পার্টি থেকে। নির্বাচনের ফলাফলের বিষয়ে পরাজিত প্রার্থী ক্যাপ্রিলেস ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন। নির্বাচনের দিন সকালে ক্যাপ্রিলেস অভিযোগ করেন, এ ফলাফলকে প্রভাবিত করা হতে পারে। এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, মাদুরোর প্রতিপক্ষ মিরান্দা প্রদেশের গভর্নর হেনরিক ক্যাপ্রিলেস মাদুরেরার জয়কে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। ক্যাপ্রিলেস বলেছেন, আমি নিশ্চিত যে ভোটে মাদুরো পরাজিত হয়েছেন। আল জাজিরার সংবাদদাতা লুসিয়া নিউম্যান কারাকাস থেকে বলেছেন, নির্বাচনের ফলাফল ঘোষণার আগে সেখানে টান টান উত্তেজনা বিরাজ করছিল। ক্যাপ্রিলেস বলেছেন, ভোট কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পরও ভোটদানের চেষ্টা করা হয়েছে। এজন্য সোমবার পুনরায় ভোট গণনার দাবি জানানো হয়েছিল। কারাকাসে তিনি বলেন, ভোটের এ ফলাফল ভেনিজুয়েলাবাসী প্রকৃতপক্ষে যা চেয়েছিলেন তার প্রতিফলন হয়নি। তিনি মাদুরোকে উদ্দেশ্য করে বলেন, আমি দৃঢ়ভাবে বলতে পারি যে, আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি। এটা সেদিনই শেষ হবে যেদিন ভেনিজুয়েলা একটি উন্নত দেশ হিসাবে পরিচিতি পাবে, যখন এদেশের মানুষ ভালো জীবন-যাপন করতে সক্ষম হবে।
