মিসরের সাবেক স্বৈরশাসক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পুনর্বিচার কাজ শুরুর প্রথম দিনেই এই মামলা থেকে বিচারক তার নিজেকে প্রত্যাহার করে নিলেন। শনিবার রাজধানী কায়রোর একটি আদালতে তার এই বিচার শুরু হয়। এসময় বিচারক মুস্তফা হাসান আব্দুল্লাহ নিজেকে এই মামলা থেকে সরিয়ে নেন। মোবারকের মামলাটি পুনর্বিবেচনা (রিভিউ) করা ‘অস্বস্তিকর’ উল্লেখ করে তিনি মামলা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। পরে তিনি কায়রোর আপিল আদালতে মামলাটি স্থানান্তরের নির্দেশ দেন। এ সময় আদালতে তুমুল হট্টগোল শুরু হয়। আদালতে উপস্থিত জনতা মোবারকের ফাঁসি চেয়ে শ্লোগান দিতে থাকে। এর আগে মিসরের সামরিক হাসপাতালে চিকিত্সাধীন ৮৪ বছর বয়সী মোবারককে হেলিকপ্টারযোগে আদালতে আনা হয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়, সাদা পোশাক পরিহিত মোবারক হুইল চেয়ারে বসে আদালতে প্রবেশ করছেন।
