ভালুকায় ছেলের হাতে বাবা নওগাঁয় বাবার হাতে ছেলে খুন

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২১:৩১
নওগাঁ সদর উপজেলার দুবলহাটি গ্রামে গত রবিবার শান্ত (৮) নামে এক শিশুকে হত্যা করেছে তার বাবা। এ ঘটনায় শান্তর বাবা জালাল হোসেনকে আটক করেছে পুলিশ। দুবলহাটী ইউনিয়নের সদস্য পল্টু হোসেন জানান, সকালে শান্ত তার বাবার অবাধ্য হয়ে পাড়ার সহপাঠিদের সাথে খেলতে যায়। এ সময় তার বাবা ক্ষিপ্ত হয়ে তাকে ধরে এনে মারপিট শুরু করে। এক পর্যায়ে ঘরে নিয়ে দরজা বন্ধ করে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, জালাল হোসেন পুলিশের কাছে খুনের কথা স্বীকার করেছেন। ভালুকা সংবাদদাতা জানান, দোকানে বাকির টাকা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে পুত্রের আঘাতের দু’দিন পরে পিতার মৃত্যু হয়েছে। উপজেলার হবিরবাড়ী বড় কাশর দক্ষিণ পাড়া গ্রামের রফিজ উদ্দিন (৫০) এর পুত্র হাফিজুর রহমান (২৫) পিতার কাছে দোকানের বাকি দুই হাজার টাকা চাইতে গেলে, পিতা পুত্রের মাঝে কথাকাটাকাটির এক পর্যায়ে পুত্র পিতার বুকে আঘাত করে। আহত রফিজ উদ্দিনকে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার জৈনা বাজারস্থ আনোয়ারা হাসপাতালে চিকিত্সা দেয়া হয়। দু’দিন অসুস্থ থাকার পর গতকাল সোমবার তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী হাফিজা খাতুন বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে । পুলিশ ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।