বর্ষবরণ উত্সব করে ঢাকা ছাড়লেন ক্রুইফ

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২১:৪০
বাংলাদেশ ফুটবল দলের লন্ডন সফর করার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসেই ঢাকায় ফিরবেন ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ। আর কোনো কারণে সফর বাতিল হলে সেক্ষেত্রে জুনে ফিরবেন কোচ। লন্ডন সফরে বাংলাদেশ সিরিজ খেলবে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে। ডাচ কোচ ক্রুইফ বাঙালির নববর্ষের উচ্ছ্বাস দেখে খুশি হয়েছেন বলে জানা গেছে। বাংলা নতুন বছরের দিনে সকালে ধানমন্ডির লেকে মীনা বাজারের পৃষ্ঠপোষকতায় রবিরাগ সংগঠনের উদ্যোগে গানের অনুষ্ঠান উপভোগ করেছেন। সেখানে খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি দেশের গান শুনিয়েছেন নয় বছরের শিশুশিল্পী রাণীয়া। সঙ্গীতানুষ্ঠান শেষে বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদের বাসায় বর্ষবরণ উপলক্ষে ক্রুইফ বাঙালি খাবারের সমারোহে যোগ দেন। এর আগে ক্রুইফকে স্বাগত জানান আবাহনীর পরিচালক কর্ণেল শাহেদ আহমেদ (অবঃ)। দিনভর বর্ষবরণ অনুষ্ঠান শেষে নববর্ষের রাতে ঢাকা ছেড়ে গেছেন ক্রুইফ।