একমাত্র পুত্রকে সংসার আলাদা করতে না দেয়ায় পুত্র বধূর হাতে খুন হয়েছে তাড়াশ উপজেলার সোনাপাতিল গ্রামের শাশুড়ী জোবেদা বেওয়া (৬০)।
জানা যায়, শাশুড়ী জোবেদা বেওয়ার সাথে সংসার আলাদা করাকে কেন্দ্র করে একমাত্র পুত্রবধূ ইতি পারভীনের সাথে দীর্ঘদিন যাবত্ দ্বন্দ্ব চলে আসছিল। স্বামী মারা যাবার পর ৪ কন্যাকে বিয়ে দিয়ে মৃত্যু পর্যন্ত একমাত্র পুত্র ইউসুফ আলীকে জড়িয়ে বাকী দিনগুলো কাটতে চেয়ে ছিল জোবেদা বেওয়া। কিন্তু বাদসাধে পুত্রবধূ। গত ৭ এপ্রিল সন্ধ্যার পর পরিকল্পিতভাবে ইউসুফকে অন্যত্র পাঠিয়ে দিয়ে পুত্রবধূ ইতি ও তার ফুফু নূরজাহান শাশুড়ীকে উস্কানিমূলক কথা বলে ঝগড়ার সৃষ্টি করে এবং এক পর্যায়ে ধারালো বটি ও শাবল নিয়ে জোবেদার উপর ঝাঁপিয়ে পড়ে। শাবলের আঘাতে মাথায় ও ঘাড়ে জখম হলে জোবেদা জ্ঞান হারায়। জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সপ্তাহকাল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জোবেদা গত ১৪ এপ্রিল প্রাণ হারায়। নিহত জোবেদার ভাই ইয়াকুব আলী তাড়াশ ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। থানা পুলিশ মামলা রেকর্ড করে ময়না তদন্তের ব্যবস্থা করেছে।
