রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে এবং ইট দিয়ে মাথা থেতলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডী মধ্যপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম স্থানীয় নসু মিয়ার ছেলে। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২৮ জনকে গ্রেফতার করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্বশত্রুতার জের ধরে মেহেরচন্ডী পশ্চিমপাড়ার একদল বিএনপি কর্মী পূর্বপাড়ার ছাত্রলীগ কর্মী রবিউল ইসলাম রবিকে মধ্যপাড়ায় অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার মাঠে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে এবং ইট দিয়ে মাথা থেতলে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রবি হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে অবস্থিত ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০/১২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে রবিউলের মৃত্যুর খবর পেয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন হাসপাতালে যান। তিনি রবিউলের স্বজনদের সান্ত্বনা দেন এবং জড়িতদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দেন। নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ২৮ জনকে আটকের কথা জানান।
