মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২২:১৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। কোনো পত্রিকার সম্পাদককে ১৩ দিনের রিমান্ড নেয়ার নজির আমরা দেখিনি। সরকার ভিন্নমত প্রকাশের অধিকার রাখতে চায় না। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া ব্রিগেড আয়োজিত বিএনপির নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ব্যারিস্টার রফিকুল বলেন, সরকার ষড়যন্ত্র করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার পাঁয়তারা করছে। বিএনপির একজন নেতা থাকা পর্যন্ত দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিরোধ করা হবে। সরকার নিজেরাই গাড়ি পুড়িয়ে পুলিশকে দিয়ে মামলা করাচ্ছে। সরকার হলমার্ক, শেয়ারবাজার ও ডেসটিনির টাকা বাইরে লুট করে নিয়ে গেছে। আমরা ক্ষমতায় গেলে এসব টাকা জনস্বার্থে ব্যয় করা হবে। সংগঠনের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ ও জিয়া সেনার সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন প্রমুখ।