উত্তরের দুই জেলায় হরতাল আটক ২৪

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২২:১৭
ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরীর অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুমের সন্ধানের দাবিতে গতকাল সোমবার উত্তরের দুই জেলা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। দুই জেলায় পুলিশ হরতাল সমর্থক ১৭ জনকে আটক করেছে। আমাদের রাজশাহী অফিস জানায়, হরতালকে ঘিরে ভোর থেকে ছাত্রশিবিরের কর্মীরা মহানগরীর বিভিন্ন এলাকায় পিকেটিং ও নাশকতার চেষ্টা চালায়। তবে পুলিশ ও র্যাবের তত্পরতায় তারা কোথাও পিকেটিং ও নাশকতা চালাতে পারেনি। বিকাল সোয়া ৫টার দিকে মহানগরীর বিনোদপুর এলাকার শান্তির নীড় নামক একটি ছাত্রাবাস থেকে র্যাব সদস্যরা বোমা তৈরির সরঞ্জাম, দেশীয় ধারালো অস্ত্র, লাঠিসোটা ও ধর্মীয় পুস্তকসহ ছাত্রশিবির কর্মী সন্দেহে ১৭ জনকে আটক করেছে। এইচএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকায় জেলার কোনো উপজেলা সদরে হরতালের আমেজ ছিল না। উল্লেখ্য, রবিবার দুপুরে ই-মেইলে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ হরতাল আহবানের কথা জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সেখানে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলপ্লাজার সামনে যাত্রীবিহীন দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দেয় হরতাল সমর্থকরা। সোমবার শিবির কর্মীরা শহরে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ মোট সাত জনকে আটক করেছে।