রাজশাহীর চারঘাটে পদ্মায় নৌকাডুবি ৩ জনের লাশ উদ্ধার

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২২:১৮
রাজশাহীর চারঘাট এলাকার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। গত রবিবার সন্ধ্যায় নৌকাডুবিতে চারজন নিখোঁজ হয়। গতকাল সোমবার সকালে দুই শিশুসহ তিনজনের লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়। নিহতরা হলো চারঘাট উপজেলার গৌড় শহরপুর গ্রামের রফিকুল ইসলাম (৬৫), মোক্তারপুর গ্রামের দুই সহোদর মুক্তি (১৩) ও আশিক (১১)। এছাড়া মোক্তারপুর গ্রামের আরেক শিশু তুরিন (৮) এখনো নিখোঁজ রয়েছে। স্থানীয়রা জানান, বাংলা নতুন বছর উপলক্ষে রবিবার বিকালে নৌকায় করে পদ্মা নদীতে ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যার দিকে মাঝ নদীতে বেশ কয়েকজন যাত্রী নিয়ে নৌকা ডুবে যায়। মাঝিসহ অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও তিন শিশু ও এক বৃদ্ধ নিখোঁজ হন। খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তত্পরতা শুরু করে। কিন্তু রাতে কাউকে উদ্ধার সম্ভব হয়নি। সোমবার সকালে দুই শিশুসহ তিনজনের মরদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয়দের সহায়তার উদ্ধার করা হয়। এ ব্যাপারে চারঘাট থানায় ইউডি মামলা হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।