মৌলভীবাজারের রাজনগর উপজেলার খারপাড়া গ্রামে বৈশাখী উত্সব চলার সময় রবিবার রাতে আসামি ধরতে গিয়ে জামায়াত শিবিরের কর্মীদের হামলায় ওসি নাজিমউদ্দিনসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, গত কয়েক দিনের সহিংস ঘটনার সঙ্গে জড়িত ও এজাহারভুক্ত আসামি জামায়াত শিবিরের কয়েকজন সদস্য স্থানীয় বৈশাখী উত্সব স্থলে অবস্থান করছে রবিবার রাতে এ খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা ছিল জামায়াত শিবিরের কর্মী। এ সময় পুলিশের ব্যবহূত একটি সিএনজি অটোরিক্সা ভাঙচুর করা হয়। পরে রবিবার মধ্যরাতে খারপাড়া গ্রামে তল্লাশী চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়।
