সকল ষড়যন্ত্র রুখে দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্নের পাশাপাশি সন্ত্রাস, নৈরাজ্য, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছে আওয়ামী লীগ। বাংলা বর্ষবরণ উপলক্ষে গত রবিবার রাজধানীতে আয়োজিত শোভাযাত্রা-পূর্ব সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ অঙ্গীকার ব্যক্ত করেন। রাজধানীর বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগের শোভাযাত্রা বের হয়। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বাহাদুর শাহ পার্কে শোভাযাত্রা-পূর্ব সমাবেশে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন মায়া বলেন, এ শুভদিনে বলতে চাই, জামায়াত-শিবির নিপাত যাক, খালেদা জিয়ার শুভবুদ্ধির উদয় হোক। তিনি আরো বলেন, আমরা লাশ চাই না, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্দর ও শান্তিপূর্ণ দেশ গড়ি। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আমরা ইসলামের সৌন্দর্য ধারণ করে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। নববর্ষে আমাদের শপথ—সাম্প্রদায়িকতামুক্ত সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত বাংলাদেশ গড়বো। সামপ্রদায়িক শক্তিকে নির্মূল করবো। তিনি আরো বলেন, একাত্তরে আমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, ৪২ বছর পরেও সেই প্রেতাত্মাদের বিরুদ্ধেই লড়াই করতে হচ্ছে।
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন মোস্তফা জালাল মহিউদ্দীন এমপি, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ।
