দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅনশন কর্মসূচি পালন করেছে বিএনপি ও জামায়াতপন্থি সাংবাদিকরা। এই গণঅনশনে সংহতি জানিয়েছে বিএনপি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) ও আমার দেশ ইউনিটের উদ্যোগে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত অনশন কর্মসূচি পালিত হয়।
এখানে বলেন, যতক্ষণ পর্যন্ত মাহমুদুর রহমানের মুক্তি না হবে, দৈনিক আমার দেশ পত্রিকা স্বাভাবিকভাবে চলতে না পারবে, সংগ্রামের সম্পাদক ও মাহমুদুর রহমানের মায়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।
দুপুর পৌনে ১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গণঅনশন কর্মসূচিতে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক গীতিকার মাজহারুল আনোয়ার, জাসাসের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান, সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। অনশন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে নাগরিক অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক কবি ফরহাদ মজহার বলেন, দেশ ভয়াবহ সংকটের মুখোমুখি।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, সরকার মদিনা সনদ বাস্তবায়ন করতে চায়। কিন্তু শাহবাগীদের পক্ষ নিয়ে মদিনা সনদ বাস্তবায়ন হয় না।
