ক্যাম্পাসের টুকরো খবর

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ১৯:০২
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিবেদক বিপুল উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন বছর ‘১৪২০ বঙ্গাব্দ’ বরণ করে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এম আবুল হোসেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার কর্ণেল (অব.) শওকত আলী, এমপি। বিশ্ববিদ্যালয়ের পান্থপথ ইউনিটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, মেধা ও মননের বিকাশ ঘটাতে বিভিন্ন প্রকার বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেধার সর্বোচ্চ বিকাশ ঘটাতে হবে। এ জন্য তিনি শিক্ষক-শিক্ষিকাদের অগ্রণী ভূমিকা রাখতে অনুরোধ করেন। সভাপতি বলেন, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বহু চড়াই উত্রাই পেরিয়ে বর্তমানে তাঁর নিজস্ব অবস্থান তৈরি করেছে। এ জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা-শিক্ষকদের অবদানের কথা স্বীকার করেন। নতুন বছরে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান এবং এই বিশ্ববিদ্যালয়ের মান আন্তুর্জাতিক যে সকল মানসম্মত বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের সমপর্যায়ে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। ট্রাস্টি সদস্য জনাব ইকবাল হোসেন অপু, ড. এম শাহীন খান, সৈয়দ মো. হেমায়েত হোসেন, মো. জোনায়েত আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও অগণিত ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিবেদক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে ২০১৩ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্স রুমে ফুড টেকনোলজি বিভাগের প্রধান ড. মো. আব্দুল আলীমের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আবুল খায়ের। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. গোলজার আজিজ, লেকচারার আফজাল রহমানসহ ফুড ইঞ্জিনিয়ারিংয়ের সব শিক্ষার্থী। অনুষ্ঠানে নবীনদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। সুসং ডিগ্রী কলেজ নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার পাহাড়ী উপজেলা হিসাবে পরিচিত আর স্রোতস্বিনী সোমেশ্বরী নদী বিধৌত দুর্গাপুর উপজেলা প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী কলেজ সুসং ডিগ্রী কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ ড. ভবানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। অন্যদের মাঝে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক আনিস মাহমুদ।