বোশেখ এলো বোশেখ এলো বাজলো ঢাক ঢোল
উত্সবের পড়লো সাড়া বাংলা মায়ের কোল।
ভোরের বাতাস পাখির ডাক ফুলের মধু ঘ্রাণ
জুড়িয়ে দেয় ভরিয়ে দেয় বাংলা মায়ের প্রাণ।
বাউল গানে উদাস সুরে মনটা যায় ভাসি
মমতা মাখা জোছনা ভরা বাংলা মায়ের হাসি।
আকাশ ভরা কাজল মেঘ বৃষ্টি ঝরে ঝরে
পান্তা খাবো মরিচ মেখে বাংলা মায়ের ঘরে।
নদীর স্রোতে নৌকা চলে ফসল মাঠে নাচে
দুঃখে থাকি সুখে থাকি বাংলা মায়ের কাছে।
শিউলি ঝরে বকুল ঝরে কাশের বনে দোল
ধন-ধান্যে ভরিয়ে দেব বাংলা মায়ের কোল।
বোশেখ এলো বোশেখ এলো পাতার বাঁশি বাজে
মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি বাংলা মায়ের সাজে।
মেলায় ঘুরি ভীষণ মজায় ভরেই ওঠে বুক
বিশ্ব জুড়ে প্রিয় আমার বাংলা মায়ের মুখ।
