যারা এতদিন ধরে ভেবে এসেছেন যে রোবট নামের যন্ত্রমানব দিয়ে কারখানার সূক্ষ্ম কাজ আর গৃহস্থালির কাজ কিংবা বড়জোর সৌখিন ফুটবলের চর্চাই হতে পারে এবার তাদেরকে রীতিমতো চমকে দেওয়ার বন্দোবস্তই করেছেন এক জার্মান উদ্ভাবক। এতদিন পর্যন্ত যেখানে রোবটের দৌড় বড়জোর ওয়েটার কিংবা নিরাপত্তা বিধান করার মতো আটপৌরে কাজেই সীমাবদ্ধ ছিল সেখানে বরিস লহে নামের এই উদ্ভাবক রোবটদের নিয়ে রীতিমতো গানের দল বানিয়ে ছেড়েছেন। ইতোমধ্যে পরীক্ষণ মঞ্চের চৌহদ্দি পেরিয়ে রোবটদের নিয়ে গড়া এই গানের দল আসর মাত করেছে ফ্রাঙ্কফুট মিউজিক ফেয়ারের মতো সংগীত শিল্পের সবচেয়ে বড় আসরগুলোর একটিতেও। এ ছাড়া অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত অপর একটি হেভিমেটাল উত্সবেও রকফ্যানদের সমীহ কুড়িয়েছে ‘কমপ্রেসরহেড’ নামের এই রোবোটিক ব্যান্ডদলটি। তিন সদস্যের এই রোবট বাজিয়ের দল মানুষের মতো করে গাইতে না পারলেও রক ঘরানার সংগীত ভক্তদের ঠিকই মাত করতে পেরেছে লেড জেপলিন আর মোটরহেডের মতো খ্যাতনামা ব্যান্ডগুলোর সুরের মুর্ছনায়। বর্তমানে এই ব্যান্ডদলের সদস্য হিসেবে যারা আছেন তারা হলেন চার যান্ত্রিক হাতের সমন্বয়ে দলে থাকা ড্রামার ‘স্টিক বয়’, গিটারিস্ট ‘ফিঙ্গারস’ এবং বেজিস্ট ‘বোনস’। মজার বিষয় হলো, শিল্পের সমঝদার ও অভূতপূর্ব বাদন সৃষ্টিতে সক্ষম এই রোবটগুলো বরিস তৈরি করেছেন ফেলে দেওয়া বিভিন্ন শিল্প বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাত করার মাধ্যমে। এ ছাড়া এই ব্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট কমপ্রেসরহেডব্যান্ড ডট কম এ রোবট বাজিয়েদের পরিচয়ও বেশ চমত্কার ভঙ্গিতেই তুলে ধরেছেন বরিস। ব্যান্ডের সূচনালগ্নে আত্মপ্রকাশ করা এই ওয়েবসাইটে বরিস তার ব্যান্ড মেম্বারদের পরিচয় করিয়ে দিতে গিয়ে পাঠকদের কাছে জানতে চেয়েছেন যে বিখ্যাত ড্রামার ড্যানি ক্যারির চার হাত থাকলে তিনি কেমন বাজাতেন কিংবা যদি অ্যাঙ্গাস ইয়ং এর মতো গিটারিস্ট তার দু হাতের দশ আঙ্গুলের পরিবর্তে ৭৮টি আঙ্গুল দিয়ে গিটার বাজাতেন তাহলে কেমন হতো! মূলত স্টিকবয়ের চার হাত, দুই পা আর মাথার সাহায্যে ড্রাম বাজানো এবং ফিঙ্গারস এর ৭৮ আঙ্গুলের গিটার বাদনের কথা তুলে ধরতেই মজার এই তুলনাকে সামনে নিয়ে আসেন বরিস। অন্যদিকে ওয়েবসাইটে ব্যান্ডের সর্বকনিষ্ঠ সদস্য (জন্মের হিসেবে) হিসেব পরিচয় দেওয়া হয় বেজের দায়িত্বে থাকা বোনসকে যাকে বিশ্বের সেরা বেজিস্ট হিসেবেই দাবি করেছেন বরিস।
