সামান্য একটু জায়গার মাঝে যদি প্রায় নয় হাজার গাড়ি একটির পর একটি সারি বেধে দাঁড়িয়ে থাকে তাহলে সেখানে ট্রাফিক জ্যামের চিত্রটি যে কতটা ভয়াবহ হতে পারে সেটা অনুমাণ করতে গেলেও অনেকের ঘাবড়ে যাওয়ার কথা। অথচ এ ধরনের গাড়ির সারি দিয়েই এবার রেকর্ড বুকে নাম লিখিয়েছে জার্মানির অ্যাঙ্গারের একদল স্বেচ্ছাসেবক। তবে ভাগ্য ভালো যে সত্যিকারের গাড়ির পরিবর্তে খেলনা গাড়ির সবচেয়ে বড় লাইন তৈরি করার মাধ্যমেই এই রেকর্ড গড়েন তারা। মূলত খ্যাতনামা পোরশে পরিবারের হ্যান্স পিটার পোরশের উদ্যোগে ২০১৪ সালে অ্যাঙ্গারে একটি নতুন খেলনা জাদুঘর গড়ে তোলা হবে এমন সংবাদ শুনেই ৯০০৭টি গাড়ির এই লাইন তৈরির উদ্যোগ গ্রহণ করেন অ্যাঙ্গার শহরের এই স্বেচ্ছাসেবক অংশগ্রহণকারীরা। আর শেষ অবধি তাদের তৈরি এই খেলনা গাড়ির লাইন ছাড়িয়ে যায় ৯৫৯.৩ মিটার বা ৩,১৪৭ ফুট ৪ ইঞ্চির মতো বিশাল দূরত্ব।
