রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় গতকাল শেয়ারবাজারে দরপতন হয়েছে। তবে বাজারে নতুন যুক্ত হওয়া ইঞ্জিনিয়ারিং খাতের বেঙ্গল উইন্ডসোরের প্রভাবে লেনদেন হয়েছে দুইশ কোটি টাকার উপরে। গতকাল এ কোম্পানির লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫২ লাখ টাকা। যা বাজারের মোট লেনদেনের ১৫ দশমিক ২৫ শতাংশ। এদিকে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কম থাকা সত্ত্বেও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় লেনদেন কম হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অচিরেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক কামরুজ্জামানের রায় ঘোষণা করা হতে পারে, যাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় বাজারে পতন হয়েছে বলে মনে করছেন ব্রোকারেজ হাউস সংশ্লিষ্টরা।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল বাজারে লেনদেনের ক্ষত্রে ২০১৩ সালে শেয়ারবাজারে যুক্ত হওয়া কোম্পানিগুলোর প্রাধান্য ছিল। সর্বোচ্চ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬টি কোম্পানিই এ বছর যুক্ত হয়েছে। এদিকে গতকাল বাজারে দরপতনের ক্ষেত্রে শীর্ষে ছিল বস্ত্রখাত। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দর ৩ দশমিক ৮৪ শতাংশ পতন হয়েছে। এছাড়া অব্যাংক আর্থিক খাতের কোম্পানিগুলোর শেয়ারের দর পতন হয়েছে ২ দশমিক ৮৫ শতাংশ।
ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির ঘোষিত রাইট শেয়ারের দর সংশোধন করেছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সংশোধন করে ২টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার অনুমোদন করেছে। যেখানে প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা। আগে প্রিমিয়ামসহ রাইট শেয়ারের দর নির্ধারণ করা হয়েছিল ২৫ টাকা।
এদিকে নতুন যুক্ত হওয়া বেঙ্গল উইন্ডসোরের দাম গতকাল লেনদেনের প্রথমদিনেই ১২০ শতাংশ বেড়েছে। অন্যদিকে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী জাহিনটেক্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) আগের তুলনায় কম হওয়ায় এ প্রতিষ্ঠানটির শেয়ারের দর পতন হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে।
