বিদেশি বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশীদের বিমানবন্দরে বিশেষ সার্ভিস প্রদানের জন্য সরকারের নিকট আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশী মিশনগুলোতে বেসরকারিখাত থেকে কিছু সংখ্যক লোক নিয়োগের প্রস্তাব করা হয়েছে। ডিসিসিআই সভাপতি মোঃ সবুর খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিঃ খন্দকার মোশাররফ হোসেনের সাথে তার কার্যালয়ে সাক্ষাত্ করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান এ সময় উপস্থিত ছিলেন।
ডিসিসিআই সভাপতি বিদেশে এনআরবি কর্তৃক সর্বোচ্চ কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠানকে স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেটের মাধ্যমে স্বীকৃতি প্রদানের আহ্বান জানান। তিনি জানান, প্রবাসী বাংলাদেশীদের এ দেশে বিনিয়োগে আকৃষ্ট করার জন্য ঢাকা চেম্বার আইটি এবং আইটিইএস, হোটেল এবং পর্যটন, খাবার ব্যবসা, ওষুধের দোকান, যান্ত্রিক প্রযুক্তি এবং মেরামত ওয়ার্কশপ, বিক্রয় ও বিপণন, টেইলারিং ও ড্রেস মেকিং, হস্তশিল্প, মোটর ড্রাইভিং, নিরাপত্তা প্রহরী এবং পর্যবেক্ষণ সার্ভিসেস এবং ক্লিনিং অ্যান্ড মেইনট্যানেন্স সার্ভিস এর মত মোট ১১টি খাত চিহ্নিত করেছে। তিনি আরো বলেন, ঢাকা চেম্বার ২ হাজার নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে এবং এ লক্ষ্যে আগামী অক্টোবর মাসে একটি সম্মেলন আয়োজন করবে। ঢাকা চেম্বারের এ উদ্যোগ বর্তমান সরকারের নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহায়তা করবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিঃ খন্দকার মোশাররফ হোসেন অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি ব্যবসায়ীদের বিদেশে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের জন্য পণ্যের বাজারজাতকরণ এবং প্রদর্শনীর আয়োজনের উপর জোরারোপ করেন। ডিসিসিআই সহ-সভাপতি আবসার করিম চৌধুরীসহ পরিচারকরা এসময় উপস্থিত ছিলেন।
