দেশীয় জাহাজ শিল্প মালিকরা আসছে ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে জাহাজ উত্পাদন ও আমদানির ক্ষেত্রে (কাঁচামাল) বিদ্যমান শুল্ক বৈষম্যের নিরসন চান। প্রতিযোগিতায় টিকে থাকতে এই বৈষম্য দূর করা প্রয়োজন বলে মনে করেন তারা। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে বাজেট প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান শিপ বিল্ডিং অ্যাসো-সিয়েশনের সচিব চন্দন চন্দ্র দে।
তিনি বলেন, ৩ হাজার ডেডওয়েট টন (ডিডব্লিওটি) ক্ষমতাসম্পন্ন জাহাজ আমদানির ক্ষেত্রে যে শুল্কমুক্ত সুবিধা পান, দেশীয় উত্পাদকরা ৬ হাজার ১০০ ডিডব্লিওটি ক্যাটাগরির উত্পাদন করেও পান না। ফলে স্থানীয় শিল্প মার খাচেছ। আলোচনায় সভাপত্বি করেন এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন। শিপ বিল্ডিং অ্যাসোসিয়েশনের এ বক্তব্যের সাথে একমত প্রকাশ করে তিনি বলেন, এক্ষেত্রে অসমতা রয়ে গেছে। আগামী ৬ জুন সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনার অংশ হিসেবে গতকাল বন্ড সুবিধাবিহীন রপ্তানি খাতের সাথে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ফ্রোজেন ফুডস অ্যাসোসিয়েশনের পরিচালক সাইফুর রহমান মাঠ পর্যায়ে চিংড়ি কেনার ক্ষেত্রে উেস কর প্রত্যাহার করার প্রস্তাব দেন।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ হস্তশিল্প তৈরি কারক ও রপ্তানিকারক সমিতির প্রতিনিধি এস ইউ হায়দার, ইমিটেশন জুয়েলারি ম্যানুফেকচারার এক্সপোর্টার এন্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন, লেদার গুডস এন্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মীর মনিরুজ্জামান, টিম্বার ইম্পোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, ফিস এক্সপোর্টাস অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব ওয়াদুদ সরকার প্রমুখ।
মাছ রপ্তানিকারক ও আমদানিকারক সমিতির পক্ষ থেকে মাছ রপ্তানির উপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করার প্রস্তাব দেয়া হয়।
আলোচনায় অংশ নিয়ে এনবিআর চেয়ারম্যান বিদ্যমান ট্যারিফ কাঠামো য়ৌক্তিকীকরণ করা হবে বলে আশ্বাস দেন। এছাড়া আগামী জুলাই থেকে প্রাক-জাহাজীকরণ পরিদর্শন প্রথা (পিএসআই) থাকছে না বলেও স্মরণ করিয়ে দেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য ফরিদ উদ্দিন, সৈয়দ আমিনুল করীম, ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, প্রথম সচিব ইকবাল হোসেন, শওকাত হোসেন, প্রধান বাজেট সমন্বয়কারী আল আমিন প্রামানিক, এফবিসিসিআইয়ের পরিচালক আব্দুল হক প্রমুখ।
