বাংলা নববর্ষ উপলক্ষে বাজারে এসেছে তাহসিনের সংগীতায়োজনে তৃতীয় অ্যালবাম ‘তাহসিন অ্যান্ড ট্র্যাক্স বন্ধুত্বের জয়’। সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। আধুনিক এবং পাশ্চাত্য ধারার ৯টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। যার মধ্যে তিনটি দ্বৈত এবং ছয়টি একক গান রয়েছে। সব গান সংগীতায়োজনের পাশাপাশি ‘ভালোবাসার অন্তরালে’ এবং ‘বল ফিরে আসবে’ শিরোনামে দুটি গানে কণ্ঠও দিয়েছেন তাহসিন। বাকি গানগুলোর শিরোনাম হলো —‘পলকে পলকে’, ‘ডানা’, ‘তুই আছিস বলে’, ‘চাই জানতে’, ‘অশান্ত খেয়াল’, ‘শূন্য হয়ে’ এবং ‘বন্ধুত্বের জয়গান’। গানগুলোয় কণ্ঠ দিয়েছেন নাতাশা, নাহিদ, সজল, মৌ, সোহান, আলিশা, তন্ময়, প্রিয় ও তানভীর আহমেদ। গানের কথা লিখেছেন ইথার আক্তারুজ্জামান, বেনজির আহমেদ জয়, মুহাম্মদ মাইনুদ্দীন খান, নিশিত শর্মা, ফাতেমা নাজনীন পান্না ও প্রিয়।
