অডিও বাজারে নতুন সমীকরণে শিল্পীরা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২০:১২
রিলিজ হবে-হচ্ছে করেও সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে এবারের বৈশাখেও অনেকগুলো অ্যালবাম রিলিজের ঘোষণা দিয়েও তা রিলিজ হলো না শেষ অবধি। তবে এ ক্ষেত্রে রেকর্ড গড়েছে মিলা, তপু আর বালাম। বিশেষ করে মিলা ফুয়াদের সাথে দ্বন্দ্বে জড়ানোর পর অনেকটা জিদের বশেই নিজেই দিয়েছেন স্টুডিও। কম্পোজিশনও করছেন নিজে। পুরোদস্তুর আত্মনির্ভরশীল হওয়ার পরও নতুন কোনো গান যেমন রিলিজ দিতে পারছেন না, তেমনি নতুন কোনো গানে বাজার মাতও করতে পারছেন না। বরং নিজের স্টেজ আর অন্য জনপ্রিয়তার কাজটি তাকে সারতে হচ্ছে পুরোনো গানগুলো দিয়েই যার অধিকাংশই ফুয়াদের কম্পোজিশনেই ছিল। এদিকে বালাম তার প্রথম অ্যালবাম গড়েছিলেন জাহিদ পিন্টুর লিরিকে। এরপর প্রথম অ্যালবাম রিলিজের পর দ্বন্দ্বে জড়িয়ে তার সাথেও একটা দূরত্ব তৈরি হয়। এরপর অন্য গীতিকারদের সাথে কাজ করেও খুব একটা সুবিধা হয়নি তার। ফলে আবারও তার নতুন অ্যালবামে তিনি তার পুরোনো গীতিকারেই ফিরেছেন। আবারও জাহিদ পিন্টুর কথাতেই সাজিয়েছেন তার নতুন গান। নিজেদের পুনরায় সাফল্যের অংকে খুঁজতেই তারকা শিল্পীদের এই নতুন ফর্মুলা তাই আদতে খুব একটা ভালো ফলাফল না দিলেও বিষয়টিকে পরীক্ষিত লটারির অংক হিসেবেই দেখছেন। অডিও ইন্ডাস্ট্রির এমন অংক অবশ্য পুরোনো। কিন্তু এত এত অংকের পরও অ্যালবাম রেডি করার পরও কেউই রিলিজ দেওয়ার সাহস পাচ্ছেন না। আর এভাবে যেন দিনকে দিন অ্যালবাম তৈরি করেও রিলিজের জ্যামে আটকে পড়ে থাকার সংখ্যা বেড়েই চলেছে। আর প্রযুক্তির কল্যাণে ফেসবুক, ইউটিউবে প্রচারের পরও কোনো নতুন হিট গান বাজারে বের হয় না প্রায় অনেকদিন। আর অডিও বাজারের এই মন্দা বাজারে অবস্থা ফেরানোর জন্য বর্তমান সময়ে প্রায় সকল শিল্পীই বর্তমান রাজনৈতিক অস্থিরতার অবসানের অপেক্ষা করছেন। এদিকে স্বপ্রণোদিত হয়ে নিজেদের হিট হওয়ার অংকে ফেরানোর জন্য অনেকেই নিজেদের পুরোনো জুটিতে ফেরার চেষ্টা করছেন। কণ্ঠশিল্পী আসিফও তার দীর্ঘ বিরতির পর অ্যালবাম রিলিজের ক্ষেত্রে আবারও রাজেশ-প্রদীপ সাহার জুটির ওপর নির্ভর করছেন। এ ছাড়া অন্য সকলেই ব্যস্ত নিজেদের আরও একটি হিট গান কীভাবে বের করা যায় সেই সমীকরণের খোঁজে। সবমিলিয়ে এই অস্থিতিশীল অডিও বাজারের অবস্থা কখন কীভাবে ফিরবে তা শুধু আগামী সময়ই বলতে পারে।