বিখ্যাত টাইম ম্যাগাজিনের সাবেক সম্পাদক জেমস হার্ডিং মঙ্গলবার বিবিসি’র সংবাদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে একটি সূত্র জানিয়েছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি’র এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। তবে প্রকাশিত প্রতিবেদনটির বিষয়ে বিবিসি’র এক মুখপাত্র বলেছেন, কোম্পানির পক্ষ থেকে প্রতিবেদনটি নিশ্চিত করা হবে না এবং এ বিষয়ে কোনো মন্তব্যও করা হবে না। ৩৮ বছর বয়সে টাইম ম্যাগাজিনের সম্পাদকের দায়িত্ব নিয়েছিলেন হার্ডিং। টাইমের ইতিহাসে তিনি ছিলেন সবচেয়ে কম বয়সী সম্পাদক। তিনি ফিনান্সিয়াল টাইমসের ওয়াশিংটন ব্যুরোর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
