ছত্তিশগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে আট মাওবাদী নিহত

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২০:৫৩
ভারতের মধ্যাঞ্চলীয় প্রদেশ ছত্তিশগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে আট মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে বলে ভারতীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার সকালে ছত্তিশগড়ের সুকমা জেলায় পুলিশের এক টহল দলের ওপর হামলা চালায় মাওবাদী বিদ্রোহীরা। এ সময় মাওবাদীদের গুলির জবাবে পুলিশের পাল্টা গুলিতে আট বিদ্রোহী নিহত হয় বলে পুলিশ দাবী করেছে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাতে সুকমা পুলিশের কর্মকর্তা অভিষেক সিন্ধালিয়ার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মাওবাদীদের খোঁজে স্থানীয় পুরাতি গ্রামের বন এলাকায় তল্লাশী চালাচ্ছে পুলিশ। তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিদ্রোহীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে, এর জবাবে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিবর্ষণে আট বিদ্রোহী নিহত হয়।’ এ সময় ঘটনাস্থল থেকে কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। ভারতে ৬শ’টি জেলার মধ্যে প্রায় ২শ’টিরও বেশি জেলায় মাওবাদীদের সক্রিয়তা রয়েছে। সমাজের নিম্নবিত্তদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বলে দাবী মাওবাদীদের। ভারত সরকারের পক্ষ থেকে মাওবাদীদের ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে বর্ণনা করা হয়েছে। গত বছর জুনে, একই রাজ্যের বিজাপুর এলাকায় এক বন্দুকযুদ্ধে ১৭ জন মাওবাদীকে হত্যার দাবী করেছিল পুলিশ। কিন্তু স্থানীয় গ্রামবাসী ও অধিকার আন্দোলনকর্মীরা নিহতদের স্থানীয় আদিবাসী গোষ্ঠীর সদস্য বলে চিহ্নিত করে।