বৈশাখী মেলার কতৃত্ব নিয়ে বিরোধের জের ধরে পটুয়াখালীর বাউফলে ছাত্রলীগ মেয়র গ্রুপ ও ছাত্রলীগ হুইপ গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষে কমপক্ষে ৩ জন আহত হয়েছে। গত সোমবার দুপুরে বাউফল পাবলিক মাঠের কাছে এ ঘটনা ঘটেছে। বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল গ্রুপের ছাত্রলীগ হাসান-জামসেদ ও হুইপ আসম ফিরোজ গ্রুপের ছাত্রলীগ নাজমুল-মোর্শেদ গ্রুপের মধ্যে বৈশাখী মেলা নিয়ে বিরোধ সৃষ্টি হয়।
মেয়র গ্রুপের উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান অভিযোগ করেন, ঘটনার দিন সকাল ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদীকে থানার কাছে ডাকবাংলোর সামনে বসে হুইপ গ্রুপের পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোর্শেদের নেতৃত্বে হামলা চালিয়ে মারধর করে। অপরদিকে হুইপ গ্রুপের উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ রুবেল অভিযোগ করেন, একই দিন দুপুর ১টার দিকে মেয়র গ্রুপের উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসানের নেতৃত্বে ১০/১২ জন ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা পাবলিক মাঠের কাছে হুইপ গ্রুপের পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোর্শেদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। এসময় তার ভাই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়।
