বাংলাদেশ গেমসে ক্রিকেট নিয়ে শঙ্কা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২১:১১
বাংলাদেশ গেমসে প্রথমবারের মত সংযোজন হওয়া ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। বিতর্কের শুরু গত সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত টুর্নামেন্টে অংশ নেয়া বিভাগীয় দলের খেলোয়াড় তালিকা ও সূচি প্রকাশ হওয়ায়। বিভাগীয় ক্রীড়া সংস্থা অভিযোগ করেছে, তাদের সাথে কোন আলোচনা ছাড়াই বিসিবি দলগুলোর খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে। শুধু তাই নয়, ২১ এপ্রিল থেকে শুরু হওয়া বাংলাদেশ গেমসের ক্রিকেট নিয়েও কোন আলোচনা করেনি বিসিবি। কাল ঢাকা বিভাগের কর্মকর্তা আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান অভিযোগ করে বলেন, ‘বিভাগীয় ক্রীড়া সংস্থাকে না জানিয়ে বিসিবি এভাবে খেলোয়াড় তালিকা প্রকাশ করতে পারে না। তাই আজ (কাল) আমরা বিসিবির কাছে এর কারণ জানতে এসেছি’। জানা গেছে, বিসিবি আজ-কালকের মধ্যে বিভাগীয় ক্রীড়া সংস্থার সাথে আলোচনা না করলে বাংলাদেশ গেমস বয়কট করার হুমকিও দিয়েছে বিভাগীয় ক্রীড়া সংস্থা। এদিকে বাংলাদেশ গেমসে ক্রিকেট না খেলার হুমকি দিয়েছে খেলোয়াড় কল্যাণ সমিতি (কোয়াব)। কাল বিসিবি অফিসে এসে কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘খেলোয়াড়রা আমাদের জানিয়েছে প্রিমিয়ার ক্রিকেট লিগ, জাতীয় চ্যাম্পিয়নশীপ না হলে বাংলাদেশ গেমসও তারা খেলবে না। আমরা না খেলার পক্ষে নই, তবে খেলোয়াড়দের স্বার্থের কথাও তো চিন্তা করতে হবে’। জানা গেছে, গত ১২ এপ্রিল জাতীয় চ্যাম্পিয়নশীপ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিসিবির সাথে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার টানাপোড়েনের জন্য চ্যাম্পিয়নশীপও আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা।