স্পোর্টস রিপোর্টার
ওয়ালটন রেফ্রিজারেটর স্বাধীনতা দিবস হকির শিরোপা জয় করেছে সেনাবাহিনী। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সেনাবাহিনী ৩-২ গোলে নৌবাহিনীকে হারায়। খেলার আট মিনিটে আব্দুল মালেকের সেনাবাহিনী (১-০) এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে অন্য গোলগুলো হয়। ৫৬ মিনিটে সমতা আনেন নৌবাহিনীর মামুন মর্তুজা ১-১। ৬১ ও ৬৪ মিনিটে মিলনের গোলে এগিয়ে যায় সেনাবাহিনী ৩-১। সেনাবাহিনীর খেলোয়াড়রা মাঝে মাঝে গা ছাড়াভাব নিয়ে খেলেন। সেটাকে কাজে লাগায় নৌবাহিনী। ৬৫ মি. রিমনের গোলে ব্যবধান কমে ২-৩। কিন্তু হার এড়াতে পারেনি নৌবাহিনী। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া দল ফেয়ার ফ্যাশনের শেখ নান্নু টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন। চ্যাম্পিয়ন সেনাবাহিনীর মিলন সেরা সর্বচ্চো গোলদাতা হয়েছেন। ফাইনালে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা ইকবাল বিন আনোয়ার।
