সখীপুরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার হাতে দুই পুলিশ সদস্য লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে বৈশাখী মেলার অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকা ওই দুই পুলিশ সদস্যকে লাঞ্ছিত করা হয়। এদিকে দায়িত্বে অবহেলা ও ওই দুই নেতাকে গ্রেফতার না করার অভিযোগে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিনকে গত সোমবার রাতে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য মো. আবদুর রব ও নূর হাসান টাঙ্গাইল পুলিশ সুপারের কাছে ওই দুই নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সখীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার গত রবিবার সন্ধ্যায় স্থানীয় উপজেলা পরিষদ মাঠে বৈশাখী মেলার অনুষ্ঠানের মঞ্চে উঠতে চাইলে পুলিশ তাকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবলীগ নেতা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. আবদুর রবকে কিলঘুষি ও চড়-থাপ্পড় মারেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। এ সময় সখীপুর থানার ওসি মহিউদ্দিন মঞ্চে উপস্থিত ছিলেন। একই দিন দুপুরে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বিল্লাল সিকদার মটরসাইকেল নিয়ে মেলার ভিতরে ঢুকার সময় পুলিশ সদস্য নূর হাসান বাধা দেয়। ওই সময় বিল্লাল সিকদার পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে বলে অভিযোগ পাওয়া যায়। এ ব্যাপারে ওসি কোন ব্যবস্থা না নেয়ায় ওই দুই পুলিশ সদস্য ঘটনাটি টাঙ্গাইল পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরকে জানালে তিনি সখীপুর থানার ওসিকে ওই দুই নেতাকে গ্রেফতারের নির্দেশ দেন। সরকার দলীয় নেতা হওয়ায় তাদের গ্রেফতার না করায় সোমবার রাতে ওসি মহিউদ্দিনকে প্রত্যাহার করা হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, দায়িত্ব অবহেলার অভিযোগে সোমবার রাতে সখীপুর থানার ওসি মহিউদ্দিনকে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে আনা হয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত ) খান হাসান মোস্তফা বলেন, এ ঘটনায় সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
