মিরসরাইয়ে ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২২:০৫
চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাইনুর ইসলাম রানার উপর প্রতিপক্ষের হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ছাত্রলীগ কর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে প্রায় একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এসময় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ কর্মীরা। এর আগে সকাল ১০টার দিকে মহাসড়কের হাদি ফকিরহাট ও জোরারগঞ্জে অবরোধ করা হয়। অবরোধের কারণে সড়কের উভয়পাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। প্রায় একঘণ্টা যানজট স্থায়ী ছিল। পরে আওয়ামী লীগ নেতাদের সাথে পুলিশ প্রশাসনের বৈঠকের পর অবরোধ প্রত্যাহার করে রানা সমর্থিত ছাত্রলীগ কর্মীরা। সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে উপজেলা ছাত্রলীগের সদস্য ও বারইয়াহাট কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র কামরুল ইসলাম (২২)। এ সময় আরো দুই ছাত্রলীগ নেতা আহত হয়। গতকাল বিকাল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের চিনকী আস্তানায় সিএনজি অটোরিকশার সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় কামরুল হাসানকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত অন্য দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।