ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২২:১১
আজ ১৭ এপ্রিল। স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি স্মরণীয় দিন। ৪২ বছর আগে এইদিনে বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ নিয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথতলার এক আমবাগানে । আর সেদিন থেকে ঐ জায়গার নাম বদলে রাখা হয় মুজিবনগর। প্রবাসী অস্থায়ী সরকারের রাজধানী। ১৭ এপ্রিল গঠন করা হয় প্রবাসী সরকার। অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ এডভোকেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অস্থায়ী রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, আমাদের মহান স্বাধীনতাযুদ্ধে মুজিবনগর সরকারের গুরুত্ব ও ভূমিকা অপরিসীম। এ সরকারের যোগ্য নেতৃত্ব ও দিবনির্দেশনায় মুক্তিযুদ্ধ দ্রুত সফল পরিসমাপ্তির দিকে এগিয়ে যায়। অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে ১৭ এপ্রিল এক অবিস্মরণীয় দিন। মুবিজনগর দিবসের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষতামুক্ত অসাম্প্রদায়িক এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে যারা মানবতাবিরোধী অপরাধ করেছিল তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে এবং রায় দেয়া শুরু হয়েছে। এ বিচার বাধাগ্রস্ত এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির শান্তিপূর্ণ পরিবেশ ধ্বংস করতে স্বাধীনতাবিরোধী অপশক্তি মাঠে নেমেছে। এ অপশক্তিকে প্রতিহত করতে দেশপ্রেমিক নাগরিকদের একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। কর্মসূচি মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের জন্য দুইদিনব্যাপী ঢাকায় এবং মুজিবনগরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আজ বুধবার ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন এবং দেশের সকল জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে শহীদ জাতীয় তিন নেতা এবং রাজশাহীতে আরেক শহীদ জাতীয় নেতা এইচএম কামরুজ্জামানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ। মেহেরপুর প্রতিনিধি আবু লায়েছ লাবলু জানান, দিবসটি পালন উপলক্ষে মুজিবনগর আম্রকানন স্মৃতিসৌধে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহবুবুল হক হানিফ, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপিসহ ডজনখানেক মন্ত্রী-এমপি। দলীয় সূত্রে জানা যায়, আজ ১৭ এপ্রিল সকাল সাড়ে ১১টায় আম্রকাননের শেখ হাসিনা মঞ্চে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন সৈয়দ আশরাফুল ইসলাম। সভাপতিত্ব করবেন মোহাম্মদ নাসিম। এছাড়া দুইদিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে মেহেরপুর জেলা প্রশাসন। এর মধ্যে রয়েছে ১৭ এপ্রিল সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ১১টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিকাল সাড়ে ৩টায় মুক্তিযুদ্ধভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন, বিকাল সাড়ে ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৮ এপ্রিল সকাল ৯টায় কুইজ প্রতিযোগিতা, সকাল ৯টা ৪০ মিনিটে বিতর্ক প্রতিযোগিতা, সকাল সাড়ে ১০টায় বাংলা হাতের লেখা প্রতিযোগিতা এবং দুপুর সাড়ে ১২টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।