চট্টগ্রামে ঝড়-বৃষ্টি রাস্তায় হাঁটু পানি

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২২:১২
চট্টগ্রামের উপর দিয়ে গতকাল মঙ্গলবার বয়ে গেছে দুই দফা কালবৈশাখী ঝড়। সেইসাথে হয়েছে বৃষ্টি। টানা গরমের পর এই ঝড়-বৃষ্টিতে জনজীবনে অবশ্য স্বস্তি নেমে আসে। কালবৈশাখী ঝড়ের তীব্রতা অবশ্য বেশি ছিল না। ক্ষয়ক্ষতিরও কোন খবর মিলেনি। ঝড়-বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত সময়ের আগে ছুটি দিয়ে দেয়া হয়। এদিকে বৃষ্টিপাতের কারণে নগরীর কমপক্ষে ৫০টি স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নালা-নর্দমার ময়লা-আবর্জনা সময়মতো অপসারণ না করায় বৃষ্টির পানি নদী ও খালের দিকে সরে যেতে না পেরে সড়ক ও জনপদ ডুবিয়ে ফেলে। সড়কের উপর দিয়ে প্রবাহিত হয় হাঁটু সমান ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি। ফলে গতকাল সন্ধ্যা পর্যন্ত নগরীর জনসাধারণ চরম ভোগান্তির শিকার হন। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রামে ২৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।